রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত আ.লীগের দুই নেতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গতকাল বুধবার দুর্বৃত্তরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে। তাঁরা হলেন উপজেলার লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম (৫৫) ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল (৪৭)। স্থানীয় লোকজন ও আহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শামসুল আলম ও গোলাম মোস্তফা গতকাল দুপুরে উপজেলার আলমশাহ পাড়া আলিয়া মাদ্রাসায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে অনুষ্ঠান শেষে ফেরার পথে মাদ্রাসা-সংলগ্ন মরিয়মনগর-রাণীরহাট ডিসি সড়কে মুখোশ পরা কয়েক ব্যক্তি লাঠি ও কিরিচ নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। প্রথমে তাঁদের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এরপর কিরিচ দিয়ে উপর্যুপরি কোপানো হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখান থেকে দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (ওসি) ওয়ালিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে কেউ এখনো থানায় মামলা করেননি।