রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বন থেকে সামাজিক বনায়নের গাছ উজাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙ্গুনিয়া ইছামতি রেঞ্জের সংরক্ষিত বন থেকে সামাজিক বনায়নের গাছ উজাড় হচ্ছে।

গত তিন মাসে ৩০০ একরেরও বেশি বাগান উজাড় হয়ে গেছে। ইটভাটায় পাচার হচ্ছে প্রতিদিন এসব গাছ।

এলাকাবাসী জানান, বন বিভাগ ২০০৬ সালে অংশীদারির ভিত্তিতে ইছামতি রেঞ্জের ইসলামপুর বন বিটের এক হাজার ৭৫০ একর পাহাড়ি ভূমিতে সামাজিক বনায়ন গড়ে তোলে। যা এখন জ্বালানি কাঠের উপযোগী হয়েছে মাত্র। এ অবস্থায় অংশীদার ও বিট কর্মকর্তা-কর্মচারীরা এসব গাছ বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।

বন বিভাগ সূত্র জানায়, চারা লাগানো, পরিচর্যাসহ সবকিছু বন বিভাগ করলেও বনায়ন থেকে অর্জিত আয়ের ৬০ শতাংশ অংশীদারদের পাওয়ার শর্ত রয়েছে। সেই অংশীদারেরাই গাছগুলো বড় হওয়ার আগে কেটে বিক্রি করে দিচ্ছেন। এতে জড়িত রয়েছেন অসাধু বিট কর্মকর্তা-কর্মচারীরাও।

ইসলামপুর ঘাগড়া এলাকায় গড়ে তোলা বনায়নের অংশীদার আশরাফ, মফজল হোসেন, রফিকুল ইসলামসহ অনেকে বলেন, চড়া দাম পাওয়ায় গাছ বিক্রি করা হচ্ছে। ইটভাটায় পোড়ানোর জন্য এসব গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। গাছ বিক্রির ৪০ শতাংশ টাকা বিট কর্মকর্তা-কর্মচারীরা নিয়ে যাচ্ছেন।

ইসলামপুর বিটের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘গাছ বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছেন অংশীদারেরা। বাধা দিলে ক্ষমতাসীন দলের প্রভাব খাটান তাঁরা। এতে আমার কোনো যোগসাজশ নেই। ১৭ বছরের চাকরির জীবনে কোনো দিন আমি এক পয়সাও খাইনি।’

বাগান উজাড় হওয়ার সত্যতা স্বীকার করে আনোয়ার হোসেন বলেন, গত তিন মাসে ৩০০-৩৫০ একর জমির সামাজিক বনায়নের বাগান উজাড় হয়েছে। এ সময়ে অর্ধলাখ টাকারও বেশি কাঠ জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মামুনুল ইসলাম বলেন, ‘গাছ কাটার খবর পেয়ে আমি নিজেও ওই এলাকায় অভিযান চালিয়ে কাঠ জব্দ করি। এতে জড়িত থাকায় বিট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’