রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানসহ দুজন কারাগারে
দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় করা একটি মামলায় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত ও মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুরের আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন। শুনানির পর হাকিম তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৩ মে ১৮ দলের কর্মসূচি পালন নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩০ পুলিশ সদস্য আহত হন। পরে দ্রুত বিচার আইনে তিনটিসহ ছয়টি মামলা হয় নগরের কোতোয়ালি ও খুলশি থানায়। এতে আসামির সংখ্যা প্রায় আড়াই হাজার। আদালত সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান হাসনাত ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন কোতোয়ালি থানায় করা দ্রুত বিচার আইনের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গত ২৩ মে এই মামলায় বিএনপির ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামির কৌঁসুলি আবদুস সাত্তার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান হাসনাত ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন উচ্চ আদালতের জামিনে ছিলেন। নিম্ন আদালত তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। দলীয় সূত্র জানায়, হাসনাত ও মোহাম্মদ হোসেন বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।