রাঙ্গুনিয়া কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজের শিক্ষার্থীরা গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা এ সময় তিন দফা দাবি বাস্তবায়নের জন্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।শিক্ষার্থীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনের ব্যয় বৃদ্ধির এই দুঃসময়ে কলেজ কর্তৃপক্ষ টিউশন ফি, পরীক্ষার ফি বাড়িয়ে দিয়েছে। ফলে লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন অভিভাবকেরা। এ ছাড়া ২৩ বছর ধরে রাঙ্গুনিয়া কলেজের ছাত্রসংসদ নির্বাচন বন্ধ ও কলেজ সরকারিকরণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে কর্তৃপক্ষ। ফলে ফি কমানো, ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ এবং অবিলম্বে রাঙ্গুনিয়া কলেজ সরকারিকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি গ্রহণ করা হয়।কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া বলেন, সময়ের প্রয়োজনে টিউশন ফি ও পরীক্ষার ফি বাড়ানো হয়েছে। অন্যথায়, কলেজ পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।