রাঙ্গুনিয়া তালুকদারপাড়া বিলে ৩০০ একর জমিতে জলাবদ্ধতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তালুকদারপাড়া বিলের ৩০০ একর জমি জলাবদ্ধতার শিকার হয়েছে। চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের জমি ভরাট করার সময় বসানো নাসি (পাইপ) দিয়ে বৃষ্টির পানি স্বাভাবিক গতিতে যেতে না পারায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।বৃষ্টিপাতের কারণে এক মাস ধরে বিলে জলাবদ্ধতা বিরাজ করায় চলতি আমন চাষাবাদ নিয়ে শঙ্কিত কৃষকেরা। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান জানান, উপজেলার সব বিলে কৃষকেরা আমন চাষাবাদের জন্য হাল চাষ শুরু করেছেন। কিন্তু পোমরা তালুকদারপাড়া বিলের প্রায় ৩০০ একর জমি পানির নিচে ডুবে থাকায় কৃষকেরা চাষাবাদে নামতে পারছেন না। জলাবদ্ধতা নিরসনে কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় কৃষকেরা চলতি আমন চাষাবাদ নিয়ে শঙ্কিত। পোমরা ইউপির চেয়ারম্যান ফজলুল কবির গিয়াস জানান, চট্টগ্রাম ওয়াসা পানি নিষ্কাশনের নালাটি ভরাটের সময় প্রায় ২৫০ ফুট নাসি বসায়। কিন্তু নাসিগুলো অত্যন্ত সরু। এগুলোর মধ্যে আবর্জনা আটকে যাওয়ার কারণে যদি পানি চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে তা সরানো কঠিন হবে। তার পরও বিলের চাষাবাদের জন্য এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী জানান, মাটি ভরাটের সময় নালার ভেতরে যে নাসি বসানো হয়েছে, তা নিয়ে ওই সময় আপত্তি করে স্থানীয় লোকজন। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ তখন এগুলো এক বছরের জন্য অস্থায়ীভাবে বসানোর কথা বলে। পরে পানি নিষ্কাশনের নালা তৈরির প্রতিশ্রুতি দিলেও তা এখনো করা হয়নি। এ ব্যাপারে ওয়াসার বরাবরে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল্লাহ জানান, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের জমি ভরাটের সময় পানি চলাচলের জন্য নালায় যেসব নাসি বসানো হয়েছিল, তা তুলে নেওয়া হবে। ওই স্থানে পাকা নর্দমা তৈরি করা হবে, যা দিয়ে বিলের পানি স্বাভাবিক গতিতে কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে। বিলে আর কখনো জলাবদ্ধতার সৃষ্টি হবে না।