রাঙ্গুনিয়ার ইটভাটাগুলোতে সন্ত্রাসীদের চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইটভাটাগুলোতে চলছে সন্ত্রাসীদের চাঁদাবাজি। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ১১ ফেব্রুয়ারি রাতে একটি ইটভাটায় হামলা চালিয়ে মূল্যবান উপকরণ ভাঙচুর করেছে। পুড়িয়ে দিয়েছে শ্রমিকদের থাকার ঘর। সন্ত্রাসীদের বন্দুকের গুলি, লাঠির আঘাত ও অগ্নিদগ্ধ হয়ে আহত হন ছয় শ্রমিক।ইটভাটার মালিকেরা জানান, দুই মাস ধরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইটভাটাগুলোতে সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে। ইসলামপুর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী আমিনুল হক ওরফে গালকাটা আমিন্যা সন্ত্রাসীদের পক্ষে চাঁদা আদায় করছেন। ইটভাটার মালিক নজরুল ইসলাম জানান, গত ডিসেম্বরের শুরুতে কয়েকজন সন্ত্রাসী ইটভাটায় এসে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তাদের নির্দেশমতো সন্ত্রাসী আমিনুলকে এক লাখ টাকা চাঁদা দেন। এভাবে ইউনিয়নের ১১টি ইটভাটা থেকে চাঁদা আদায় চলছে।ভাটার মালিকেরা জানান, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গত জানুয়ারির মাঝামাঝি সময়ে রাতের আঁধারে সেকান্দর, বাবুল ও হাসানের ইটভাটায় এসে শ্রমিকদের মারধর করে এবং মালিকদের অপহরণের হুমকি দেয়। এ ব্যাপারে তাঁরা রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেন। এরপর সন্ত্রাসীরা আত্মগোপন করে। কিন্তু ১১ ফেব্রুয়ারি রাত তিনটায় ২০-২১ জন সন্ত্রাসী হাসানের ইটভাটায় হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বেলাল (২৭) নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হন। একপর্যায়ে সন্ত্রাসীরা ইটভাটার চিমনি ও ইট তৈরির নানা উপকরণ গুঁড়িয়ে দেয়। এমনকি ঘুমন্ত অবস্থায় শ্রমিকদের থাকার ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ইউসুফ (২৮) নামের এক শ্রমিক অগ্নিদগ্ধ হন। এ ছাড়া সন্ত্রাসীরা পিটিয়ে ইটভাটার শ্রমিক খোকন (৩০), রিয়াদ (৩৮), বাচ্চু (৩০) ও বক্করকে (৩৫) আহত করে। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ ব্যাপারে হাসান ১২ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গত জানুয়ারি থেকে রাঙ্গুনিয়ার বেশ কয়েকটি ইটভাটায় হামলা চালিয়েছে। পাহাড়ে অবস্থান করায় সন্ত্রাসীদের গ্রেপ্তার দুঃসাধ্য হয়ে পড়েছে। তবে তাদের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সন্ত্রাসী আমিনুলের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় তিনটি চাঁদাবাজির মামলা রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে আমিনুল হক বলেন, চাঁদাবাজির মামলাগুলো ষড়যন্ত্রমূলক। কোনো রকম চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত নন। সন্ত্রাসীদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।