রাঙ্গুনিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী রাঙামাটিতে গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাটের দুর্ধর্ষ এক সন্ত্রাসীকে পুলিশ গত বুধবার রাঙামাটিতে গ্রেপ্তার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রানীরহাটের একটি ইটভাটার পাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীর নাম মফিজউদ্দিন ওরফে রঞ্জু। তার বিরুদ্ধে চারটি হত্যা, একটি অস্ত্র আইনে, একটি ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের পুলিশের তথ্যের ভিত্তিতে রাঙামাটির পুলিশ মফিজকে গ্রেপ্তার করে। বিকেলে আমরা তাকে নিয়ে আসি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রানীরহাটের একটি ইটভাটার পাশ থেকে চারটি গুলিসহ একটি এলজি উদ্ধার করা হয়।’ ফরিদ উদ্দিন আরও বলেন, মফিজকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে এখনো শুনানি হয়নি।