রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় খাওয়ার পানির সংকট
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। শীত মৌসুমের শুরু থেকেই পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাহাড়ি এলাকার ২৩৯টি নলকূপে পানি উঠছে না। তাই এসব এলাকার মানুষ এ সময় সমতলে গিয়ে অনেক কষ্ট করে বিশুদ্ধ পানি সংগ্রহ করে। যারা তা করতে পারছে না, তারা ছড়ার ময়লা পানি পান করে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার এক-তৃতীয়াংশ এলাকায় ৬৭টি পাহাড়ি গ্রাম রয়েছে। এসব গ্রামে প্রায় ৪২ হাজার আদিবাসী ও বাঙালি বাস করে। অথচ এখানে মাত্র ৫৭১টি নলকূপ আছে। এর মধ্যে ৭৯টি গভীর এবং ৪৯২টি অগভীর নলকূপ। বিশুদ্ধ খাওয়ার পানির চাহিদা মেটানোর জন্য এ উপজেলায় আরও ৩৫০টি নলকূপ প্রয়োজন। সরফভাটা বড়খোলা পল্লির কার্বারি (পাড়াপ্রধান) অনন্ত মার্মা (৪৫) জানান, বড়খোলার পাহাড়ি এলাকায় প্রায় সাড়ে ৩০০ আদিবাসী ও অর্ধশতাধিক বাঙালি পরিবার বাস করে। এসব পরিবারের সদস্যদের জন্য এখানে মাত্র তিনটি নলকূপ আছে। উঁচু এলাকা হওয়ায় নলকূপগুলোতে সারা বছর পানি ওঠে কম। আর শীতকালের শুরু থেকে এগুলোতে পানি ওঠা বন্ধ হয়ে যায়। অনন্ত মার্মা আরও জানান, সরফভাটা ইউনিয়নের পোড়ামুড়া, চিরিঙ্গা; শিলক ইউনিয়নের নারিশ্চা, খুরুশিয়া, মধ্য খুরুশিয়া, খাজারটিলা, কমলাছড়ি, দুধপুকুরিয়া, উদলবুনিয়া; কোদালা ইউনিয়নের ডলুছড়ি, ডং নালা, চা-বাগান; চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম, নবগ্রাম, বারঘোনিয়া গ্রামের নলকূপগুলোতেও এখন পানি উঠছে না।১ নম্বর রাজানগর ইউনিয়নের রৈস্যাবিলি গ্রামের মিঠুন চাকমা (৩৭) জানান, রৈস্যাবিলি গ্রামে প্রায় ৭৮টি পরিবার বসবাস করে। অথচ এ গ্রামে রয়েছে মাত্র একটি নলকূপ। সেখানে পানি ওঠা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের মানুষ প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে ঘাগড়া খাল থেকে পানি এনে বিশুদ্ধকরণ বড়ি দিয়ে সেই পানি পান করছে। পোমরা ইউনিয়ন পরিষদের সদস্য শামশুল আলম জানান, ইউনিয়নের জঙ্গল পোমরা, মালিরহাট, বুড়ির দোকান, আজিমনগর; বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী, তিনচৌদিয়া, জঙ্গল বেতাগী; হোসনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর, জঙ্গল নিচিন্তাপুর; ২ নম্বর রাজানগর ইউনিয়নের রাজাভুবনের পাহাড়ি এলাকার নলকূপগুলোতে পানি উঠছে না। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম, ইছাখালী, কলোনীপাড়া, ২ নম্বর ওয়ার্ডের আজিজনগর, ৫ নম্বর ওয়ার্ডের ঘাটচেক পৌর এলাকার পাহাড়ি গ্রামগুলোর নলকূপগুলোতেও পানি ওঠা বন্ধ হয়ে গেছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নুর হোসেন বলেন, রাঙ্গুনিয়ার পাহাড়ি গ্রামগুলোতে যেসব নলকূপ রয়েছে, তা খুবই অপ্রতুল। আর এসব নলকূপের গভীরতা মাত্র ১২০-১৫০ ফুট হওয়ায় শীতকালে পানি ওঠে না। রাঙ্গুনিয়া পৌর মেয়র নুরুল আমিন বলেন, পৌর এলাকার পাহাড়ি এলাকাগুলোতে পানির সংকট রয়েছে। আগে যেসব নলকূপ বসানো হয়েছে, তার গভীরতা কম হওয়ায় শীতকালে পানি ওঠা বন্ধ হয়ে যায়। গত বছর ফেব্রুয়ারি মাসে আজিজনগর ও গুচ্ছগ্রামসহ পৌর ওয়ার্ডের পাহাড়ি এলাকায় কয়েকটি গভীর নলকূপ বসানো হয়েছে। তবে ওই সব এলাকায় আরও ২০-২৫টি নলকূপ বসাতে হবে।