রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সংকট
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সংকট চলছে। শুষ্ক মৌসুমের শুরু থেকেই পানির সংকট দেখা দিয়েছে। পানির অভাব মেটাতে নদী-নালার পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ৬৭টি পাহাড়ি গ্রাম রয়েছে, যেখানে ৪২ হাজার পরিবার বাস করে। অথচ এদের পানির চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত নলকূপ নেই।সরফভাটা ইউনিয়নের বড়খোলা পল্লির কার্বারি অনন্ত মারমা (৫১) জানান, পল্লিতে ৩৫০টি পরিবার বাস করে। তাদের জন্য রয়েছে তিনটি নলকূপ। শুষ্ক মৌসুম শুরুর পর নলকূপগুলোতে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। ফলে পুরো পল্লিতে বিশুদ্ধ পানির হাহাকার চলছে। রাজানগর ইউনিয়নের রইস্যাবিলি গ্রামের মিঠুন চাকমা (৩৭) জানান, গ্রামে ৭৮টি পরিবার রয়েছে; অথচ নলকূপ আছে মাত্র একটি। নলকূপে পানি ওঠা বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে ঘাগরা খালের পানি পান করতে হচ্ছে।লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম জানান, ইউনিয়নের নিচিন্তাপুর, জঙ্গল নিচিন্তাপুর, ওয়াগ্গা, আজিমনগর এবং বেতাগী ইউনিয়নের তিনচৌদিয়া ও রাজাভুবন এলাকার নলকূপগুলোতে পানি উঠছে না।পৌর কাউন্সিলর নাসের জানান, গুচ্ছগ্রাম, ইছাখালী, আজিজনগর, জাকিরাবাদ পৌর এলাকার নলকূপগুলোতে পানি উঠছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, পাহাড়ি এলাকার মানুষ পুকুর ও নদীর পানি পান করছে। এতে তারা জন্ডিস, আমাশয়, ডায়রিয়া, কলেরাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে বসানো নলকূপগুলোর গভীরতা কম। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলোতে পানি উঠছে না।পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, পৌর এলাকার পাহাড়ে পানির সংকট রয়েছে। সংকট নিরসনে আজিজনগর ও গুচ্ছগ্রামে নতুন নলকূপ বসানো হয়েছে। অন্য এলাকায়ও বসানো হবে।