রাঙ্গুনিয়ার রানীরহাট থেকে ৪০০ দোকান উচ্ছেদ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট থেকে ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা গ্রাম পুলিশ নিয়ে দুই দিন ধরে এসব দোকান উচ্ছেদ করেছে। রাজানগর ইউপির সচিব নিতাইপদ দাশ জানান, রানীরহাট একটি ব্যস্ততম বাজার। বাজারের অলিগলি ও যাতায়াতের সড়ক দখল করে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে মোটা অঙ্কের অর্থ আয় করে আসছে। যত্রতত্র দোকান গড়ে তোলায় ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারছে না। এ নিয়ে পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ঘাগড়া সেনা ক্যাম্পের সদস্যরা ও স্থানীয় লোকজন বিভিন্ন সময় আপত্তি করেন। ফলে অবৈধ দোকান উচ্ছেদের উদ্যোগ নেয় ইউনিয়ন পরিষদ।রাজানগর ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর বলেন, গত সোমবার বিকেলে পরিষদের সদস্য ও গ্রাম পুলিশ রানীরহাট থেকে অবৈধ দোকান উচ্ছেদ শুরু করে। গতকাল মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত চার শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অবৈধ সব দোকান পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।দোকান হারিয়ে ব্যবসায়ী আবুল হাসেম প্রথম আলোকে বলেন, ‘ভাড়ায় দোকান নিয়ে সবজি বিক্রি করে পরিবার-পরিজনের খাবার জোগাতাম। দোকান ভেঙে দেওয়ায় এখন খেয়ে না-খেয়ে থাকতে হবে।’