রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনাঞ্চলে ৬৬টি অবৈধ করাতকল!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে রয়েছে ৬৬টি অবৈধ করাতকল। যেখানে প্রতিনিয়ত চলছে বনের কাঠ চিরাই। অথচ এসব করাতকল নিয়ে মাথাব্যথা নেই বন বিভাগের।বন বিভাগ সূত্র জানায়, বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে করাতকল বসানোর নিয়ম নেই। অথচ রাঙ্গুনিয়ায় ৬৬টি করাতকল বসানো হয়েছে সম্পূর্ণ বনাঞ্চলের ভেতর। যেগুলোর বৈধ কাগজপত্র নেই। অনুমোদন ছাড়াই প্রভাবশালীরা এসব করাতকল বসিয়ে ব্যবসা করছেন। উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যমতে, উপজেলার পোমরায় আটটি, সরফভাটায় তিনটি, মরিয়মনগরে তিনটি, পদুয়ায় তিনটি, কোদালায় তিনটি, চন্দ্রঘোনায় সাতটি, শিলকে চারটি, বেতাগীতে তিনটি, পারুয়ায় তিনটি, রাজানগরে নয়টি, দক্ষিণ রাজানগরে চারটি, ইসলামপুরে তিনটি, লালানগরে চারটি, হোচনাবাদে পাঁচটি, স্বনির্ভর ইউনিয়নে চারটি করাতকল রয়েছে। যা চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের ভেতর। এলাকাবাসী জানান, করাতকলগুলোতে রাত-দিন চিরাই চলছে বনের গাছ। বনাঞ্চল থেকে গাছচোরেরা বিভিন্ন প্রজাতির গাছ কেটে করাতকলগুলোতে মজুত করে। পরে কাঠ বানিয়ে পাচার করে চট্টগ্রাম শহরে।সরেজমিনে দেখা যায়, প্রতিটি করাতকলে কাঠের স্তূপ। যেখানে সেগুন, গামারি, গর্জন, আকাশমণি, আম, জাম, কাঁঠালসহ ফলদ ও বনজ গাছ রয়েছে। ব্যবসায়ীরা জানান, প্রতিটি করাতকলে ১০-১৫ হাজার ঘনফুট কাঠ মজুত রয়েছে। যেগুলোর বাজারমূল্য কোটি টাকারও বেশি।রানীরহাটের করাতকলের মালিক আমির হামজা বলেন, ‘চিরাই করার জন্য গাছগুলো মজুত করেন ব্যবসায়ীরা। পাচারও করেন তাঁরা। এতে আমাদের হাত নেই।’ তবে করাতকলের কাগজপত্র না থাকার সত্যতা স্বীকার করেন তিনি।তিনি বলেন, ‘পৌরসভা ছাড়া পুরো উপজেলা সংরক্ষিত বনের আওতায়। ফলে বন বিভাগ ১৫ ইউনিয়নে করাতকল বসানোর অনুমোদন দেয় না। অনুমোদন ছাড়াই সব কটি করাতকল চলছে। এ জন্য বন বিভাগসহ অনেককে মাসোহারা দিতে হয়।’রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল হক বলেন, ‘পৌরসভা ছাড়া অন্য এলাকায় বসানো করাতকলগুলো অবৈধ। ক্ষমতাবানেরাই বসিয়েছেন এসব করাতকল। ফলে আমরা চাইলেও এসব করাতকল বন্ধ হবে না।’ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক কৃষ্ণপদ সাহা বলেন, ‘করাতকলগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’