রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ড সাত বাড়ির মালামাল পুড়ে ছাই
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে গত সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে সাতটি বাড়ির মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার আসবাবপত্র পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিমের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পর্যায়ক্রমে সৈয়দ আহমদ, মো. আইয়ুব, ইদ্রিছ, মো. হারুন, মো. ইউছুপ ও মো. ফোরকানের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। মো. ইব্রাহিম জানান, অগ্নিকাণ্ডের সময় তাঁর পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। তাই আগুন কীভাবে লেগেছে, তা কেউ বলতে পারছে না। তবে চুলার আগুন থেকে এর সূত্রপাত হতে পারে। আগুন ছড়িয়ে পড়লে সবাই ঘুম থেকে জেগে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অন্যান্য ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পরে কাপ্তাই উপজেলার অগ্নিনির্বাপক দল এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি ঘরের প্রায় অর্ধকোটি টাকার জিনিসপত্র ভস্মীভূত হয়েছে।কাপ্তাই অগ্নিনির্বাপণ কেন্দ্রের ব্যবস্থাপক বাহার উদ্দিন জানান, আগুনে সাতটি ঘরের কাঠের যাবতীয় আসবাবপত্র ও ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে গেছে।