রাঙ্গুনিয়ায় অবরোধের বলি সিএনজি চালক
কয়েক দিনের অবরোধে গাড়ি নিয়ে বের হতে পারেননি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ইসমাইল। গত সোমবার সন্ধ্যায় গাড়ি নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বের হয়েছিলেন বাজার করতে। কিন্তু বাড়ি ফেরা হলো না আর।
রাত সাড়ে ১০টায় রাউজান নোয়াপাড়া থেকে রাঙ্গুনিয়া উপজেলার নোয়াগাঁও ভবানী গেট পৌঁছানোর পর অবরোধকারীরা ইট-পাটকেল ও কাচের বোতল ছুড়লে ইসমাইল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইসমাইল উপজেলার গোডাউন কাদের নগর এলাকার মো. ইউসুফ প্রকাশ মুন্সি ফকিরের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন স্থানীয় বিএনপির নেতা সৈয়দুল বশরের বাড়িঘরে ভাঙচুর চালায়। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক পুষ্পবরন চাকমা জানান, নিহত ব্যক্তির ভাই দানু মিয়া বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।