রাঙ্গুনিয়ায় অ্যাসিড ঢেলে খেজুর কাঁটা দিয়ে দুই ভাইয়ের চোখ উপড়ে ফেলার মামলায় আট আসামির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অ্যাসিড ঢেলে খেজুর কাঁটা দিয়ে দুই ভাইয়ের চোখ উপড়ে ফেলার মামলায় আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ স্বপন কুমার সরকার এ রায় দেন।

সরকারি কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে বিচারক আসামি আইয়ুব বাহিনীর প্রধান আইয়ুব ও তাঁর সহযোগী মো. ইব্রাহীমকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা করেন। এ ছাড়া আসামি আবদুল হক, মো. সোলায়মান, মো. ইউসুফ, মো. জাফর, দুলা মিয়া ও গোলাম কাদেরকে সাত বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আসামিদের মধে৵ বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আইয়ুব ও আবদুল হক উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। এর মধ্যে মো. রফিক নামের এক আসামি মামলা চলাকালীন মারা যান।

রায়ে সন্তুষ্ট নন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার পর এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ১৭ মার্চ রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের দুই ছেলে কবির আহমদ ও মো. সবুর আহমদকে অপহরণ করে খেজুর কাঁটা দিয়ে চোখ উপড়ে ফেলে অ্যাসিড ঢেলে দেয় সন্ত্রাসী আইয়ুব বাহিনীর লোকজন। একটি গাছের দখলকে কেন্দ্র করে প্রতিবেশী হাশেমের সঙ্গে বিরোধের জেরে ঘটে এ ঘটনা। এ ঘটনায় আহত ব্যক্তির ভাই ফরিদুল আলম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছরের ২১ মার্চ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি দ্রুত নিষ্পত্তির আদেশ দিয়েছেন।

দুই ছেলেকে নৃশংসভাবে অ্যাসিড ঢেলে চোখ উপড়ে ফেলার ঘটনার বিচার চাওয়ায় প্রাণ বাঁচাতে পারেননি মুক্তিযোদ্ধা আবদুস সোবহানও। ঘটনার সাত মাস পর ১৯৯১ সালের ৩০ অক্টোবর রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজার থেকে যাত্রীবাহী গাড়িতে ফেরার পথে তুলে নিয়ে আসামিরা হাত-পা কেটে তাঁকে হত্যা করে। ১২ দিন পর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় করা মামলায় আইয়ুবসহ ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এই আদেশের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করেছেন; যা এখনো নিষ্পত্তি হয়নি।

নিহত ব্যক্তির ভাই ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, রায়ে তাঁরা সন্তুষ্ট নন। আপিল করবেন। বিচার চাইতে গিয়ে তাঁর বাবাকে মেরে ফেলেছেন আসামিরা। দুই ভাইকেও অন্ধ করে দিয়েছেন। তাঁরা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিলেন। যাতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।