রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতাকে পিটিয়েছেন ছাত্রলীগ নেতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকে পিটিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ ঘটনা ঘটে। নেতা-কর্মীরা জানান, ২৪ আগস্ট পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের বাড়িতে আয়োজিত মেজবান অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে গতকাল সন্ধ্যা ছয়টায় রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতারা বৈঠকে বসেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের সিনিয়র নেতাদের আক্রমণ করে কথা বলেন। এতে বাধা দিলে আবু তাহের নাছির উদ্দিনকে গালিগালাজ করেন। এ কারণে উত্তেজিত হয়ে নাছির উদ্দিন আহমেদ আবু তাহেরকে কিলঘুষি ও লাঠি দিয়ে পিটুনি দেন। উপস্থিত নেতারা তাঁদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৈঠকস্থল ত্যাগ করেন। বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দলের শৃঙ্খলা নষ্ট এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বেয়াদবি করার সময় বাধা দিলে আবু তাহের তাঁকে আক্রমণ করেন। এ কারণে আবু তাহেরকে পিটুনি দেওয়া হয়।’আবু তাহের বলেন, পিটানোর কথা সত্য নয়। বরং সিনিয়র নেতাদের সঙ্গে বেয়াদবি করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে বকা দেন নেতারা। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ভুল-বোঝাবুঝির কারণে দুজনের মধ্যে হাতাহাতি হয়েছে।