রাঙ্গুনিয়ায় আ.লীগ প্রার্থী জয়ী
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিছ আজগর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ চলাকালে বেলা সাড়ে তিনটার দিকে কারচুপির অভিযোগ এনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে বিভিন্ন অনিয়মের জন্য লিখিত অভিযোগ করেন। একই সঙ্গে ভোট গ্রহণ স্থগিত করার আবেদন জানান।
রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী ইদ্রিছ আজগর ১১ হাজার ৮২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি পেয়েছেন ২ হাজার ২৬৭ ভোট। আর ধানের শীষ প্রতীকের মজিবুল হক পেয়েছেন ১ হাজার ৭৩৮ ভোট।
অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, বেলা সাড়ে তিনটায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। কিন্তু ওই সময় ব্যবস্থা নেওয়ার মতো সময় ছিল না।
তবে আওয়ামী লীগের প্রার্থী ইদ্রিছ আজগর সাংবাদিকদের কাছে দাবি করেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
তবে দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ নম্বর ওয়ার্ডের সুফিপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অলক বড়ুয়াকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আলম। দীর্ঘ ১৩ বছর পর এই ইউনিয়নে নির্বাচন হয়।