রাঙ্গুনিয়ায় আ.লীগের সম্মেলনে মারামারি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বক্তা নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা জানান, উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া এলাকার নুরে মদিনা কমিউনিটি সেন্টারে শনিবার বিকেল পাঁচটায় উপজেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। সম্মেলনে সংগঠনের সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য ইসলামপুর, রাজানগর, লালানগর, দক্ষিণ রাজানগর, হোছনাবাদ, পারুয়া ও স্বনির্ভর ইউনিয়ন থেকে তিনজন করে বক্তা নির্বাচন করা হয়। কিন্তু লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের চিকিৎসাবিষয়ক সম্পাদক ফয়সাল ইকবাল তাঁর পছন্দের একজনকে বক্তা নির্বাচিত করার প্রস্তাব দিলে ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে উপজেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মহিউদ্দিন তালুকদার বাধা দেন। এ নিয়ে মহিউদ্দিন ও ফয়সাল ইকবালের মধ্যে হাতাহাতি হয়। সেই থেকে দুই পক্ষের লোকজন কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নেন। রাত ১০টায় প্রতিমন্ত্রী সম্মেলন শেষ করে চলে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। রাত একটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ রাত একটায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, মারামারিতে পাঁচ-ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের নাম জানা যায়নি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘মহিউদ্দিন ও ফয়সাল ইকবালের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়ায় মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।