রাঙ্গুনিয়ায় আগুন জ্বলছেই আ.লীগ-বিএনপির ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ঘরের আগুন নেভানো যাচ্ছে না। উভয় সংগঠনের পাঁচজন প্রার্থী নির্বাচন করার ব্যাপারে অটল রয়েছেন।
কেন্দ্র থেকে বিএনপি একক প্রার্থী ঘোষণা দিয়েও আগুন নেভাতে পারছে না। আওয়ামী লীগের দুজন প্রার্থীও ছাড় দিতে রাজি হচ্ছেন না। ফলে রাঙ্গুনিয়ায় দুই দলই প্রার্থী নিয়ে সংকটে আছে।
২৩ মার্চ চতুর্থ দফায় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটি বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাতকে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগও একক প্রার্থী ঘোষণা দেওয়ার চেষ্টা করছে। স্থানীয়ভাবে আওয়ামী লীগের দুজনকে সমঝোতায় আনার চেষ্টা করা হয়। কেউ কাউকে ছাড় দিতে রাজি না হওয়ায় কেন্দ্র থেকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা দেওয়া হবে।
এদিকে রাঙ্গুনিয়ার বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাতকে বিএনপি সমর্থন দিয়েছে। এর বিরোধিতা করে গত শুক্রবার রাতে রানীরহাটে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেছে বিএনপির ক্ষুব্ধ একটি অংশ। তারা হাসনাতকে মেনে নিতে পারছে না।
বিএনপির বিদ্রোহী প্রার্থী কুতুব উদ্দিন ওরফে বাহার প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা তৃণমূলের চাপে প্রার্থী হয়েছি। ২৩ মার্চের নির্বাচনে তৃণমূলের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হব।’
এক প্রশ্নের জবাবে কুতুব উদ্দিন বলেন, ‘নির্বাচনে আমার সঙ্গে আওয়ামী লীগের কাজী জসিম উদ্দিনের লড়াই হবে। জসিম সাহেবও ভদ্র মানুষ। ভালো মানুষরা জনপ্রতিনিধি হলে এলাকাবাসীর কল্যাণ হবে।’
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিভক্তির প্রভাব পড়েছে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচনে। দ্বিধাবিভক্ত নেতারা মতৈক্য পৌঁছতে ব্যর্থ হওয়ায় তিনজন প্রার্থী সেখানে রয়ে গেছেন। হাসনাতকে একক প্রার্থী ঘোষণা করার কারণে কুতুব উদ্দিনের অনুসারীরা চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেন। কুতুব উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়ার একক প্রার্থী ঘোষণা কেন্দ্র থেকে এসেছে। এই সিদ্ধান্ত মেনে নিতে হবে।’
রাঙ্গুনিয়ায় বিএনপির একক প্রার্থী আবু আহমেদ হাসনাত প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র আমাকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। তৃণমূলের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আন্দোলন-সংগ্রামে ছিলাম বলে আমি অসংখ্য মামলারও আসামি হই।’
রাঙ্গুানিয়ায় আওয়ামী লীগের দুই প্রার্থীকে সমঝোতায় আনতে পারেনি জেলা আওয়ামী লীগের নেতারা। এ জন্য স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়। তিনিও উদ্যোগ নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। ফলে সেখানে কাজী জসিম উদ্দিন ও মোহাম্মদ আলী শাহ নির্বাচন করার জন্য অটল রয়েছেন।
স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের একক প্রার্থী দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। আমিও দুজনের মধ্যে সমঝোতার চেষ্টা করেছি। তাই সমঝোতা না হলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সেখানে একক প্রার্থী ঘোষণা করবে।’