রাঙ্গুনিয়ায় আজম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহ নগর গ্রামের লোহারপুল এলাকার কিশোর আজম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার বিকেল পাঁচটায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গোচরাবাজার এলাকায় এই মানববন্ধন হয়।পোমরা ইউপির সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পোমরা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় সহস্রাধিক মানুষ এতে অংশ নেয়।স্থানীয় লোকজন জানান, গত ১৩ আগস্ট রাঙ্গুনিয়া উপজেলা সদর রোয়াজারহাটে ঈদের কেনাকাটা করতে গিয়ে মোহাম্মদ আজম (১৭) নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা ১৯ আগস্ট রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।কিন্তু ১২ সেপ্টেম্বর রাউজান থানার পুলিশ নোয়াপাড়া এলাকা থেকে মাটিচাপা অবস্থায় আজমের লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ বেলাল (২৭), রাজু দে (২৮) ও বিজয় ভট্টাচার্য (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা পুলিশকে প্রথমে আজমের বন্ধু বলে পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে আজমকে হত্যার কথা স্বীকার করেন।ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমের লাশ উদ্ধার করে পুলিশ। আজমের বাবা বদিউল আলম জানান, আজমকে অপহরণের ১০ দিন পর অপহরকারীরা মুক্তিপণ হিসেবে তাঁর কাছে প্রথমে ২৫ লাখ এবং পরে ১০ লাখ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা নিয়ে চট্টগ্রাম শহরের হাজারীগলি গেলেও তারা আসেনি। পরে তারা আজমকে হত্যা করে। তিনি হত্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।