রাঙ্গুনিয়ায় আদিবাসী শিশু নিখোঁজ, অপহরণের অভিযোগ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম আদিবাসী পল্লি থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। অভিযোগ উঠেছে, পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফ পরিচয়ের দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম কমলাছড়ি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাঁচ-ছয়জনের একটি দল হানা দিয়ে উথোয়াই প্রু মারমার শিশুপুত্র বিজয় মারমাকে নিয়ে যায়। আজ (গতকাল) পর্যন্ত তার অবস্থান সম্পর্কে জানা যায়নি।এ ব্যাপারে উথোয়াই প্রু মারমা বলেন, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি সন্ত্রাসী দিয়ে তাঁর ছেলেকে অপহরণ করানো হতে পারে। তিনি বলেন, অপহরণকারীরা পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফের রাজস্থলী এলাকার কর্মী পরিচয় দিয়ে শুক্রবার দুপুরে মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বিষয়টি রাঙ্গুনিয়া থানার পদুয়া রাজারহাট পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে হয়েছে বলে উথোয়াই প্রু মারমা জানান। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।