রাঙ্গুনিয়ায় আমন খেতে বানর আর বন্য শূকরের আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বিলগুলোতে এখন পাহাড়ি বানর ও বন্য শূকরের আক্রমণ চলছে। বানর ও বন্য শূকরের দল ১০-১১ দিন ধরে উঠতি আমন ধানের শিষ খেয়ে সাবাড় করছে। টংঘর বেঁধে দিনরাত পাহারা দিয়েও আমন খেত রক্ষা করতে পারছেন না কৃষকেরা।রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রতন বড়ুয়া জানান, বেতাগী ইউনিয়নে ছোট-বড় ১১টি বিলের পাহাড়ের নিকটবর্তী এলাকাগুলোতে দিনে বানর রাতে বন্য শূকর হানা দিয়ে আমন ধানের শিষ খেয়ে ফেলছে। বানর আর বন্য শূকর তাড়াতে কোনো রকম কৌশল কাজে আসছে না। জমির পাশে টংঘর বেঁধে দিনে টিন পিটিয়ে এবং রাতে মশাল জ্বালিয়ে পাহারা দিয়েও কৃষকেরা তাঁদের ধানখেত রক্ষা করতে পারছেন না। গত ১০ দিনে বানর আর বন্য শূকরের দল এলাকার ২০০ কৃষকের প্রায় ৩৫০ একর জমির আমন ফসল খেয়ে নষ্ট করেছে বলে জানান তিনি। বেতাগী ইউনিয়নের মধ্য বেতাগী গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, ইউনিয়নের ডিঙললোঙ্গা বিলে তিনি এক একর ৩০ শতক জমিতে আমন চাষ করেছেন। এক সপ্তাহ ধরে এসব আমন খেতে ধানের শিষ আসতে শুরু করেছে। আর শত শত পাহাড়ি বানর দিনের বেলায় এবং বন্য শূকর রাতে খেতে নেমে ধানের শিষ ও আগা খেয়ে সাবাড় করে ফেলেছে। কুলালপাড়া বিলের কৃষক জামাল উদ্দিন জানান, গত ৪ অক্টোবর দিবাগত রাতে আমন খেত পাহারা দেওয়ার সময় বন্য শূকরের আক্রমণে তিনি আহত হন। একইভাবে ঢেমিরছড়া বিলের কৃষক রফিকুল ইসলাম, মনছুর আহমদ, নবী হোসেন, ফয়েজ আহমদ, আকতার হোসেন, মধ্য বেতাগী বিলের কৃষক সায়ের আহমদ, ইদ্রিছ আলী, খায়েরুজ্জামান, বাবুল সেন, মনির হোসেন, ফরিদ মিয়া ও পরিমল বড়ুয়া তাঁদের বিপুল পরিমাণ জমির আমন খেতের ধানের শিষ ও আগা বানর ও শূকর খেয়ে সাবাড় করে ফেলেছে বলে জানান।বেতাগী ইউনিয়নের চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন জানান, বেতাগী ইউনিয়নের পাহাড়ে বন বলতে তেমন নেই। ফলে আগে কখনো পাহাড়ি এলাকায় বানর ও বন্য শূকর দেখা যায়নি। প্রথমবারের মতো বিলে বানর ও বন্য শূকর হানা দিয়ে আমন ফসলের ক্ষতি করছে। বিষয়টি স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বেতাগীর পাহাড়ে বর্তমানে সামাজিক বনায়নের গাছ বেড়ে ওঠায় হয়তো বানর ও শূকরসহ নানা প্রজাতির বন্য প্রাণী আশ্রয় নিতে শুরু করেছে। সেখান থেকে খাবারের সন্ধানে বিলে হানা দিয়ে আমন ফসলের ক্ষতি করছে। বন্য প্রাণীর ক্ষতি না করে আমন ফসল রক্ষার চেষ্টা করতে হবে কৃষকদের। এ ব্যাপারে বন বিভাগ কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।