রাঙ্গুনিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর আগুনে পুড়ে গেছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র ভসঞ্চীভূত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, আশ্রয়ণ প্রকল্পের পাখি বেগমের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পার্শ্ববর্তী আরও নয়টি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। দুপুর ১২টায় চট্টগ্রাম কালুরঘাট থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান। চট্টগ্রাম কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অনুপম মুৎসদ্দী জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সৃষ্টি হয়। আগুনে প্রকল্পের ১০ পরিবারের কাপড়-চোপড় ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিদুর্গত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও দুই হাজার টাকা দেওয়া হচ্ছে।