রাঙ্গুনিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইর হাট এলাকায় গত রোববার রাতে আবু তৈয়ব নামের এক আসামিকে গ্রেপ্তার করেন রাঙ্গুনিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান। এ সময় তৈয়বের একদল সহযোগী তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা পুলিশকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।পুলিশ সূত্রে জানা গেছে, আবু তৈয়ব (৩৩) গত ২ সেপ্টেম্বর স্থানীয় একটি বিদ্যালয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ ঘটনায় ওই দিনই তাঁকে আসামি করে থানায় মামলা করা হয়। ওই মামলায় আদালত তৈয়বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একজন কনস্টেবল সঙ্গে নিয়ে এএসআই হাবিবুর রহমান গত রোববার রাত আটটার দিকে ধামাইর হাটের একটি দোকানে অভিযান চালিয়ে তৈয়বকে গ্রেপ্তার করেন। কিন্তু তৈয়বের সহযোগীরা পুলিশকে ওই দোকানে অবরুদ্ধ করে রাখে। ২৫-২৬ জনের একটি দল আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর একই থানার এসআই শেখ মো. নেয়ামত উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এএসআই ও কনস্টেবলকে উদ্ধার করে। তৈয়বকে থানায় নিয়ে যায়। তৈয়বের বাড়ি উপজেলার সাদেকের ঘোনা গ্রামে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।