রাঙ্গুনিয়ায় ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজারহাটে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এটাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন গ্রামের ইসমাইল সিকদারের সঙ্গে জমির সীমানা নিয়ে তাঁর জেঠাতো ভাই লিয়াকত সিকদারের বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক মিয়া ইউপি সদস্য আবদুস সালাম সিকদারকে (৪৫) এই বিরোধ নিষ্পত্তির দায়িত্ব দেন। সে অনুযায়ী গত ১৫ মে সালিসে সীমানা নির্ধারণ করে দেন সালাম। পরে সালাম সালিস অমান্য করায় জসিম উদ্দিন (২৮) নামের ইসমাইলের এক নিকট আত্মীয়কে পিটিয়ে আহত করেন। এতে ক্ষুব্ধ ইসমাইলের লোকজন গত শুক্রবার রাতে সালামকে কুপিয়ে জখম করেন। তাঁকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার উন্নতি না হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, গতকাল শনিবার সকালে আবদুস সালামের পক্ষের সাত-আটজন ইসমাইলের সমর্থক বখতেয়ার (৩২) ও আলী আহমদকে (৭৫) কুপিয়ে আহত করেন। এ সময় তাঁরা বখতেয়ারের দোকান ভাঙচুর ও আলী আহমদের সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যান। আহত দুজনকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সালামের ভাই আবুল কালাম বলেন, ‘ইসমাইল ও তাঁর বাবা আজিজুল হকের নেতৃত্বে পাঁচ-ছয়জন আমার ভাইকে মেরে ফেলতে তাঁকে পরিকল্পিতভাবে কুপিয়েছে। বখতেয়ার ও আলী আহমদকে মারার সঙ্গে আমাদের পরিবারের কেউ জড়িত নন। এ ছাড়া, দোকান ভাঙচুর ও অটোরিকশা নিয়ে যাওয়ার ঘটনাও সাজানো।’ ইসমাইল বলেন, ‘সালাম লিয়াকতের পক্ষ নিয়ে জমি ভাগ-বাটোয়ারা করেন। এটি না মানায় আমার ভাগনে জসিমকে নির্দয়ভাবে পেটানো হয়। সালামকে জখম করার ব্যাপারে আমি কিছু জানি না।’ রাজারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রফিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ লিখিতভাবে এখনো অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।