রাঙ্গুনিয়ায় উৎপাদিত পণ্য পরিবহন থেকেও চলছে পার্বত্য শুল্ক আদায়!
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উৎপাদিত পণ্য পরিবহন থেকেও চলছে পার্বত্য শুল্ক আদায়। যা নেওয়ার নিয়ম রয়েছে শুধু পার্বত্য জেলাগুলোয় উৎপাদিত পণ্য পরিবহন থেকে। শুল্ক আদায়ের ফলে রাঙ্গুনিয়া উপজেলার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকেরা জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শুল্ক আদায়ের জন্য রাঙামাটি সড়কের কাউখালী এলাকায় শুল্ক ফাঁড়ি স্থাপন করে। যার মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা রয়েছে। আর এসব এলাকায় উৎপাদিত পণ্য পরিবহন থেকেও শুল্ক আদায় করছেন ফাঁড়ির ইজারাদার। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ফাঁড়িতে পণ্যবাহী ট্রাক, ভ্যান, টেম্পো, জিপ থেকে নির্দিষ্ট হারে পার্বত্য শুল্ক আদায় চলছে। তন্মধ্যে রাঙ্গুনিয়ায় উৎপাদিত পণ্যবাহী গাড়িও রয়েছে।ট্রাকচালক আমানউল্লাহ জানান, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি থেকে উৎপাদিত সবজি পরিবহন থেকে ১৫০ টাকা শুল্ক আদায় করা হয়েছে। ট্রাকচালক দুলাল দাশ জানান, ইট পরিবহন থেকেও ২৭৫ টাকা শুল্ক আদায় করা হয়েছে।চালকেরা বলেন, পণ্যগুলো রাঙ্গুনিয়ার রানীরহাট থেকে পরিবহন করা হচ্ছে বললেও কর্ণপাত করছেন না ফাঁড়ির লোকজন। অথচ পার্বত্য জেলায় উৎপাদিত পণ্য পরিবহন থেকে এই শুল্ক আদায়ের নিয়ম রয়েছে। রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, রাঙ্গুনিয়া থেকে উৎপাদিত পণ্যবাহী গাড়ি থেকে পার্বত্য শুল্ক আদায়ের ওপর ২০০৫ সালের ১৬ জুলাই করা মামলায় ইজারাদারের বিরুদ্ধে উচ্চ আদালতের রুল জারি রয়েছে। রুল উপেক্ষা করে ইজারাদার শুল্ক আদায় অব্যাহত রেখেছেন।ফাঁড়ির ইজারাদার মানিক মিয়া বলেন, সড়ক দিয়ে ফাঁড়ি অতিক্রম করা সব পণ্যবাহী গাড়ি থেকে শুল্ক আদায় করা হচ্ছে। এর মধ্যে রাঙ্গুনিয়া থেকে উৎপাদিত পণ্যবাহী গাড়ি থেকে শুল্ক আদায় না করার জন্য নিষেধ নেই। গত ছয়-সাত বছর ফাঁড়িটি এভাবে চলছে। আদালতের রুলের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।