রাঙ্গুনিয়ায় উড়োচিঠি দিয়ে ইউএনওসহ কয়েকজনকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে উড়োচিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নামে লিখিত প্যাডে এ হুমকি দেওয়া হয়।এতে চারদলীয় জোটের নেতা-কর্মীদের ওপর হামলা ও মামলা করার দায়ে নির্ধারিত বায়তুল মাল প্রদান সাপেক্ষে দুই দলের একটিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়। বায়তুল মাল প্রদানে ব্যর্থ হলে সাত দিনের মধ্যে তাঁদের মৃত্যু নিশ্চিত হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের চার নেতা রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আজম সিদ্দিকী জানান, ৬ জুন ডাকযোগে চিঠি পান তিনি। চিঠিতে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা বায়তুল মাল দাবি করা হয়। এ ছাড়া তাঁকে রাঙ্গুনিয়ার সাংসদ পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের তল্পিবাহক আখ্যা দিয়ে সাত দিনের মধ্যে রাঙ্গুনিয়া্রত্যাগের নির্দেশ দেয়া হয়। অন্যথায় তাঁকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।তানভির আজম সিদ্দিকী বলেন, বিষয়টি জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক শামসুদ্দোহা সিকদার, কোদালা ইউপির চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুখ সিকদার, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি পিনু সিকদারসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, ৭ ও ৮ জুন পৃথকভাবে তাঁরা ডাকযোগে এ চিঠি পান। ১০ জুন পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের প্রায় ১৩-১৪ জন নেতা এ ধরনের চিঠি পেয়েছেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. ইউনুছ তালুকদার প্রথম আলোকে বলেন, এ ধরনের চিঠি সম্পর্কে তিনি অবগত নন। এ ধরনের কোনো চিঠিতে তিনি স্বাক্ষরও করেননি। তিনি অভিযোগ করেন, ২১ জুন নির্ধারিত ইউপি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা যাতে অংশ নিতে না পারেন, সে জন্য হামলা ও মামলার পাশাপাশি নানা চক্রান্ত চলছে। জামায়াতের নেতা মো. ইলিয়াছ, বদিউল আলম ও আজিম উদ্দিন বলেন, ক্ষমতাসীন দলের সহবস্থানে থেকে রাঙ্গুনিয়ায় তাঁরা রাজনীতি করছেন। কিন্তু কুচক্রীমহল তা নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের হীন কাজ করেছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, চিঠিতে বিএনপি ও জামায়াতের নেতাদের নাম, স্বাক্ষর থাকলেও তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। কোনো স্বার্থান্বেষী মহল এ কাজ করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।