রাঙ্গুনিয়ায় এক দিনে ১৮৫ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তিনটি হাসপাতালে গতকাল রোববার ১৮৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় ৬৫০ জন। এক দিনে এত রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম জানান, ১৫ এপ্রিল থেকে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা হাসপাতালে আসছে। গতকাল এক দিনে ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া আরও ২৩৪ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাপস সাহা জানান, চার-পাঁচ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা হাসপাতালে আসছে। গতকাল এক দিনে ৯৬ জন ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে ফিরে গেছে প্রায় ৩০০ রোগী। চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালের রেজিস্ট্রার মধু চাকমা জানান, গতকাল হাসপাতালের বহির্বিভাগে ১১৬ জন চিকিৎসা নিয়েছে। এ ছাড়া ৩১ শিশু ও ২৭ ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা খোরশেদা শিরিন বলেন, কলেরা স্যালাইন হাসপাতালে নেই। রোগীদের দুরবস্থার কথা চিন্তা করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জরুরি ভিত্তিতে ২০০ ব্যাগ কলেরা স্যালাইন আনা হচ্ছে।