রাঙ্গুনিয়ায় একজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন গ্রামে আবদুল গফুর নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরও তিনজন আহত হয়ে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত গফুরের ছেলে আবদুল হান্নান গতকাল শনিবার রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন। পুলিশ আবদুর রশিদ নামে একজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলহাজতে পাঠিয়েছে।আবদুল হান্নানের অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় ওবায়দুল্লাহ ৩০-৩২ জন সহযোগী নিয়ে শুক্রবার রাত সাড়ে নয়টায় তাঁদের বাড়িতে হানা দিয়ে তাঁর মা আছিয়া বেগম (৪৫) ও ছোট বোন রোজি আকতারকে (১২) কুপিয়ে গুরুতর আহত করেন। চিৎকার শুনে পাশের মসজিদ থেকে ছুটে এসে বাধা দিলে ওবায়দুল্লাহ ও তাঁর সহযোগীরা হান্নান ও তাঁর বাবার ওপর হামলা করেন। এতে তাঁর বাবার মৃত্যু হয়।রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা এ প্রসঙ্গে বলেন, প্রাথমিক তদন্তে আঘাতজনিত কারণে আবদুল গফুরের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মামলায় অভিযুক্ত আসামি হিসেবে আবদুর রশিদকে (৪৫) গ্রেপ্তার করা হলেও ওবায়দুল্লাহসহ অন্যরা পলাতক রয়েছেন।