রাঙ্গুনিয়ায় করাতকলে অভিযান চালিয়ে ২৫০ ঘনফুট কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নয়টি করাতকলে অভিযান চালিয়ে ২৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগ দুই দিন ধরে এই অভিযান চালায়।বন বিভাগ সূত্র জানায়, গত ২৪ মার্চ প্রথম আলোর বিশাল বাংলায় ‘রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনাঞ্চলে ৬৬টি অবৈধ করাতকল’ শিরোনামে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ ও বন আদালত চট্টগ্রামে মামলা হয়। আদালতের সিনিয়র আইনজীবী মো. ইলিয়াছ সংরক্ষিত বনাঞ্চলের করাতকলগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নিমিত্তে অভিযোগ দায়ের করেন।আইনজীবী মো. ইলিয়াছ বলেন, ‘প্রথম আলোর মাধ্যমে সংবাদ প্রাপ্ত হইয়া ফৌজদারি কার্যবিধির ১-এর মতে স্ব-প্রণোদিত হয়ে অভিযোগ রুজু করা হয়। ফৌজদারি কার্যবিধির ১৯০(৩) ধারামতে আদালতের ম্যাজিস্ট্রেট মোছামঞ্চৎ ফরিদা ইয়াসমিন মামলাটি গ্রহণ করেন। মামলার তদন্ত প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য চট্টগ্রাম র‌্যাব-৭ কে দায়িত্ব দেন আদালত। র‌্যাব সদস্যরা তদন্ত কাজ শুরু করলে বন বিভাগ করাতকলে অভিযান চালায়।’চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জ কর্মকর্তা আবদুস সবুর খান জানান, গত ৩ এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেঞ্জের নিয়ন্ত্রণাধীন উপজেলার উত্তর রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর, লালানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থিত সাতটি করাতকলে অভিযান চালিয়ে ২০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুটি করাতকলে অভিযান চালিয়ে ৫০ ঘনফুট কাঠ জব্দ করে বন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকায় এসব করাতকল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়ায় ৬৬টি অবৈধ করাতকলের মধ্যে উত্তর বন বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে ২২টি। এর মধ্যে গত দুই দিনে অভিযান চালানো নয়টি করাতকলের একটিতেও বৈধ কাগজপত্র নেই। এ ছাড়া সংরক্ষিত বনের কাঠ মজুত ও চিরাই করার দায়ে এসব করাতকলের বিরুদ্ধে পরিবেশ ও বন আইনে মামলা করা হচ্ছে।