রাঙ্গুনিয়ায় খেজুরগাছ পুড়িয়ে ইট তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠ পোড়ানো নিষিদ্ধ হলেও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার ইটভাটাগুলোয় অবাধে খেজুরগাছ পোড়ানো হচ্ছে। সংরক্ষিত বনাঞ্চলের কাঠ না পেয়ে ইটভাটা মালিকেরা খেজুরগাছ পোড়াচ্ছেন। ফলে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে হারিয়ে যাচ্ছে খেজুরগাছের রস ও গুড়। ধ্বংস হচ্ছে পরিবেশ।বন বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনাঞ্চলে গাছের কোনো বাগান নেই। সামাজিক বনায়নের বাগানগুলো থেকেও কাঠ আহরণ নিষিদ্ধ। ফলে কাঠ ব্যবসায়ীরা গ্রামাঞ্চলের মেঠোপথে বেড়ে ওঠা খেজুরগাছ ও সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের খেজুরগাছগুলো কেটে ইটভাটায় পোড়ানোর জন্য সরবরাহ করছেন।উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর গ্রামের শরীয়ত উল্লাহ (৬২) জানান, গত চার-পাঁচ বছর ধরে খেজুরগাছ নিধনের ফলে উপজেলার বিভিন্ন এলাকার চিরচেনা প্রাকৃতিক রূপ অনেকটা বদলে গেছে। গ্রামীণ মেঠোপথে সারি সারি খেজুরগাছ এখন আর চোখে পড়ে না। দেখা যায় শুধু খেজুরগাছের গোড়া। ফলে গাছিরাও এখন বেকার হয়ে পড়েছেন।কোদালা ইউনিয়নের জঙ্গল কোদালা গ্রামের গাছি আবুল বশর বলেন, ‘আশির দশকেও রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে এত খেজুরগাছ ছিল, যেখান থেকে রস সংগ্রহ করে বিক্রির পর উদ্বৃত্ত রস দিয়ে গুড় তৈরি করা হতো। কিন্তু চার-পাঁচ বছর ধরে রাঙ্গুনিয়ার হাটবাজারে খেজুরের রস ও গুড় মিলছে না।ইসলামপুর ইউনিয়নের খতিবনগর গ্রামের শাহ আমানত ব্রিকসের মালিক শাহ আলম জানান, সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাওয়া এখন দুষ্কর। ফলে ব্যবসায়ীদের মাধ্যমে খেজুরগাছ সংগ্রহ করে ইটভাটায় পোড়ানো হচ্ছে। তা ছাড়া খেজুরগাছ অন্য কাঠের তুলনায় ভালো জ্বলে।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় খেজুরগাছ তেমন নেই। ঘরের আঙিনায়, পুকুরের পাড়ে বা গ্রামীণ সড়ক ও বিলেঝিলে বেড়ে ওঠা খেজুরগাছ কেটে ফেললে তো আমাদের করার কিছুই নেই। তবে পরিবহনের সময় পাওয়া গেলে আমরা তা আটক করি। এ ছাড়া ইটভাটায় কয়লার বদলে কাঠ পোড়ানো এমনিতেও নিষিদ্ধ।’