রাঙ্গুনিয়ায় গত চার বছরে কাটা গেছে ১২৭ পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি এলাকায় গত চার বছরে কাটা গেছে ১২৭টি পাহাড়। যেগুলোতে ফাটল সৃষ্টি হয়েছে। ধসে পড়েছে কয়েকটি। বৃষ্টির পানির সঙ্গে এসব পাহাড়ের মাটি নেমে ভরাট হচ্ছে সড়ক ও ফসলি জমি।এলাকাবাসী জানান, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ২০০৯ সালের মাঝামাঝি সময় থেকে উপজেলার প্রত্যন্ত এলাকার সংরক্ষিত বন ও ভূমি অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পাহাড় কাটা শুরু করেন। তাঁরা স্থানীয় কতিপয় লোকের সঙ্গে চুক্তিতে পুকুর, ডোবা, দিঘি ও নিচু জমি পাহাড়ের মাটি দিয়ে ভরাট করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাঙ্গুনিয়া উপজেলা ভূমি কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী নেতা-কর্মী পাহাড়গুলো কেটে সাবাড় করছেন। পাহাড় কাটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতির সমঞ্চুখীন হওয়ার বিষয়টিও তাঁরা আমলে নিচ্ছেন না। বৃষ্টির কারণে পাহাড়গুলোতে এখন বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। ধসেও পড়েছে কয়েকটি। রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, ইছাখালী এলাকায় কাটা পাহাড়ধসে বৃষ্টির সঙ্গে মাটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কে নেমে এসেছে। ফলে যান চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। ভরাট হয়ে যাচ্ছে ফসলি জমিও। তিনি বলেন, পাহাড় কেটে সাবাড় করলেও উপজেলা প্রশাসন ও বন বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের সঙ্গে আঁতাত থাকায় পুলিশ প্রশাসনও নীরব রয়েছে। তবে র‌্যাব সদস্যরা দুবার অভিযান চালিয়ে মাটি কাটায় জড়িত শ্রমিকদের আটক করে থানায় দিলেও পুলিশ প্রশাসন পরে তাঁদের ছেড়ে দেয়।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে কয়েকজন শ্রমিক ও উপকরণ আটক করে থানায় হস্তান্তর করা হয়। পুলিশ থানা থেকে পরে তাঁদের ছেড়ে দেয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুর মোর্শেদ বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বন বিভাগ ও ভূমি প্রশাসনের। কোনো রকম মামলা ছাড়া পুলিশ পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে?চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল হক এ প্রসঙ্গে বলেন, পাহাড় কাটার বিষয়ে বন বিভাগ নীরব রয়েছে, তা ঠিক নয়। গত চার বছরে বন বিভাগ পাহাড় কাটার বিরুদ্ধে একাধিক মামলা করেছে।