রাঙ্গুনিয়ায় চার ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঘাগড়া এলাকার চারটি ইটভাটার কর্তৃপক্ষের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন। পাহাড় কাটা ও কাঠ পুড়িয়ে ইট তৈরির দায়ে আদালত তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর, রাজানগর, হোছনাবাদ ও কোদালা ইউনিয়নের ইটভাটার মালিকেরা সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে তা দিয়ে কাঠ বানিয়ে ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে তাঁরা বনাঞ্চলের পাহাড় কেটে মাটি দিয়ে ইট তৈরি করছেন। এ বিষয়ে ১ এপ্রিল প্রথম আলোয় ‘ইটভাটায় সাবাড় হচ্ছে পাহাড় ও গাছ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এ সব বন্ধ করার জন্য রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী গতকাল বেলা ১১টায় আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ইসলামপুর ইউনিয়নের ঘাগড়া এলাকার আব্বাস উদ্দিন চৌধুরীর দুটি ইটভাটা থেকে এক লাখ, সিরাজদ্দৌল্লার ইটভাটা থেকে ৫০ হাজার ও কোব্বাদ চৌধুরীর ইটভাটা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।