রাঙ্গুনিয়ায় চার বছরে গড়ে উঠেছে দুই হাজার দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশ দখল করে রাঙ্গুনিয়ায় গত চার বছরে গড়ে তোলা হয়েছে দুই হাজার দোকান। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এসব দোকান গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কতিপয় উচ্ছৃঙ্খল নেতা-কর্মী সংঘবদ্ধ হয়ে কাপ্তাই সড়কের দুপাশ দখল শুরু করেন। বাধা দেওয়ায় সওজ বিভাগের কর্মকর্তাদের মারধর করার চেষ্টা করেন তাঁরা। এ কারণে ভয়ে নীরব রয়েছেন কর্মকর্তারা। এই সুযোগে বেপরোয়াভাবে চলছে দখল। গড়ে উঠছে দোকান।সওজ সূত্র জানায়, উপজেলার বুড়ির দোকান, শান্তিরহাট, গোচরা, লিচুবাগান, সুফিগোট্টা, হাইব্বারগোট্টা, বুইজ্জার দোকান, কাটাখালী, মরিয়মনগর, থানা ফটক, রোয়াজারহাট, ইছাখালী ও গোডাউন এলাকায় প্রতিদিন সড়কের দুপাশ দখল করে দোকানপাট নির্মাণ করা হয়েছে। গত চার বছরে এসব এলাকায় দুই হাজারেরও বেশি দোকান নির্মিত হয়েছে।সওজের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান বলেন, থানা থেকে রাঙ্গুনিয়া কলেজ পর্যন্ত সড়কের দুপাশ দখল করে দোকান করার সময় বাধা দিলে নেতা-কর্মীরা অফিসে ঢুকে মারধরের চেষ্টা করেন।রাসেল দেওয়ান আরও বলেন, ‘সড়কের দুপাশ দখল করে দোকান গড়ে তোলার ব্যাপারে থানায় ৩০-৩৫টি মামলা করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মারধরের ভয়ে নিজেরাও এখন গুটিয়ে আছি।’রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর মোর্শেদ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ দোকান নির্মাণ বন্ধ করলেও সওজের কর্মকর্তাদের আঁতাতের কারণে দোকানগুলো পরে গড়ে তোলা হয়। পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, সড়কের দুপাশ থেকে দখল উচ্ছেদের জন্য গত দুই বছর মাইকিং করে তিনবার আল্টিমেটাম দেওয়া হয়। এর পরও দখলবাজি চলছে।সওজের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, দখলদারদের সঙ্গে সওজের কারও আঁতাত নেই। দোকানগুলো উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।