রাঙ্গুনিয়ায় চার বছরে ৩৬০ মুরগির খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত চার বছরে ৩৬০টি মুরগির খামার বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার উপক্রম আরও অর্ধশত খামার। খাদ্য, ওষুধ ও বাচ্চার দাম বেড়ে যাওয়ায় খামারিরা লোকসানে পড়ে খামারগুলো বন্ধ করে দিয়ে অন্য ব্যবসায় ঝুঁকে পড়ছেন। খামারিদের অভিযোগ, মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকেরা সংঘবদ্ধ হয়ে এক দিনের মুরগির বাচ্চার দাম ৭৫-৮০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। অথচ এক দিনের মুরগির বাচ্চা উৎপাদনে খরচ পড়ে মাত্র ২২-২৩ টাকা। ২০০৮ সালেও মুরগির বাচ্চা বিক্রি হয়েছে ২৬-২৮ টাকায়। লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া গ্রামে অবস্থিত খাজা পোলট্রির মালিক সিরাজ উদ্দিন (২৯) জানান, বার্ড ফ্লুর কারণে ২০০৭ সালে কম দামে মুরগি বিক্রি করে দেওয়ায় নয় লাখ টাকা ক্ষতি হয়। ২০০৮ সালের মাঝামাঝি আবার খামার শুরু করেন। তখন এক দিনের মুরগির বাচ্চার দাম বেড়ে দাঁড়ায় ২৬ টাকায়। সেখান থেকে এখন বেড়ে দাঁড়ায় ৭৫-৮০ টাকায়। ওষুধ ও খাদ্য খাইয়ে ৪০-৪২ দিন লালন-পালনের পর ওই মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০-১৭০ টাকায়। অথচ ওই মুরগির উৎপাদন খরচ পড়ে কেজিপ্রতি ১৮০ টাকা। ফলে লোকসানে পড়ে খামার ব্যবসা ছেড়ে রড, সিমেন্ট ও টিনের ব্যবসা শুরু করেছেন তিনি।চন্দ্রঘোনা দোভাষী বাজারের মুরগি-বিক্রেতা ফজলুল হক বলেন, ‘মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধের দাম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ডিম ও মুরগির দাম। কিন্তু বর্ধিত মূল্যের চেয়ে উৎপাদনের খরচ আরও বেশি। কমে গেছে মুরগির বিক্রিও। ফলে ব্যবসায় প্রচুর লোকসান গুনছি।’রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিছ আলী এ প্রসঙ্গে বলেন, খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় ডিম উৎপাদনকারী খামারগুলো লোকসান দিচ্ছে। অন্যদিকে বাচ্চার দাম বেড়ে যাওয়ায় ব্রয়লার মুরগির খামারগুলো লাভের মুখ দেখছে না।