রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে নিহত ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে আবু সৈয়দ (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রোয়াজারহাট বাজারে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাত করে পালানোর সময় হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
নিহত আবু সৈয়দ রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি।
নিহতের ছেলে নঈমুদ্দিন প্রথম আলোকে বলেন, সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন তাঁর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবিরের লোকজন এ কাজ করতে পারে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ওয়ালীউল্লাহ বলেন, শিলক ইউনিয়নের বাসিন্দা আবু সৈয়দ স্থানীয় রোয়াজারহাট বাজারে এলে এক যুবক তাঁর গলায় ছুরিকাঘাত করেন। পালানোর সময় হাবিবুর রহমান নামের ওই যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। ছুরিকাঘাতে আহত আবু সৈয়দকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।