রাঙ্গুনিয়ায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, স্ত্রী-কন্যা আহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা গ্রামে জমি নিয়ে সংঘর্ষে গতকাল বুধবার মো. নাছির (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫) ও মেয়ে নাহিমা আক্তার (১৭)। হত্যাকাণ্ডের অভিযোগে নাছিরের চাচা শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, মধ্যম সরফভাটা গ্রামের নাছিরের সঙ্গে সম্প্রতি জমি নিয়ে তার চাচা শামসুলের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে শামসুল ওই জমিতে খুঁটি স্থাপন করে জমি দখলে নেয়। কিন্তু নাছির গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই খুঁটি উপড়ে ফেলে জমির দখল অমান্য করে। এতে ক্ষুব্ধ হয়ে শামসুল আলমের ছেলে মো. বেলাল (২২) কয়েকজন সহযোগী নিয়ে দা-কিরিচ ও খুন্তি দিয়ে নাছির, তাঁর স্ত্রী জাহানারা ও মেয়ে নাহিমা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। আহত মা-মেয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশের একটি দল হাসপাতালে এসে নাছিরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর উদ্দিন বলেন, শামসুল ও তাঁর ছেলে বেলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নাছিরের অবস্থা দেখতে এসেছিলেন। এ সময় নাছিরের স্বজনেরা দেখিয়ে দিলে বেলাল পালিয়ে যান। কিন্তু শামসুলকে গ্রেপ্তার করা হয়।