রাঙ্গুনিয়ায় জামায়াতের সঙ্গে আ.লীগের ভাব
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মীর সুসম্পর্ক রয়েছে। এ কারণে জামায়াতের নেতা-কর্মীরা নির্বিঘ্নে সহিংস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন জানান, শাহবাগের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যখন উপজেলার বিভিন্ন জায়গায় গণজাগরণ মঞ্চ করে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি করছেন, তখন জামায়াতের নেতা-কর্মীরা ওই অপরাধীদের মুক্তির দাবিতে হরতাল করছেন।নাসির উদ্দিন আরও জানান, ৬ মার্চ পুলিশ উপজেলার আলমশাহপাড়া কামিল মাদ্রাসা থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে শিবিরের সাত কর্মী এবং জামায়াতের নেতা আশিকুল আমিনকে গ্রেপ্তার করে। অথচ এঁদের মোকাবিলা করার জন্য উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা মাঠে নেই। অনেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, উপজেলা জামায়াতের আমির আবদুল আউয়াল রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারে বিয়ে করায় অনেকে তাঁর অপতৎপরতায় চুপ থাকেন। কারণ, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে তিনিও ওই বাড়ির লোকজনকে রক্ষা করেন।উপজেলা আওয়ামী লীগের সদস্য আহমদ ছৈয়দ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামায়াতের কতিপয় নেতা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশ্রয়ে রয়েছেন। উপজেলা জামায়াতের অনেক নেতার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসাও আছে।রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগের কতিপয় নেতা নিজের স্বার্থ হাসিলের জন্য জামায়াতের নেতাদের আশ্রয় দেন। এতে সাধারণ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর বলেন, একসময় উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে জামায়াতের নেতাদের দা-কুমড়া সম্পর্ক ছিল। কিন্তু এখন সেটা নেই। সুসম্পর্কের সুযোগ নিয়ে মাঠে সহিংস কার্যক্রম চালাচ্ছে জামায়াত। উপজেলা জামায়াতের আমির আবদুল আউয়াল বলেন, ‘আমরা সহিংসতার রাজনীতি করি না। আমরা আওয়ামী লীগের সঙ্গে সহাবস্থানে থেকে রাজনীতি করি।’