রাঙ্গুনিয়ায় জাল টাকার ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সর্বত্র জাল টাকার ছড়াছড়ি। হাটবাজার, দোকানপাট ও বাস স্টেশনগুলোতে প্রতিনিয়ত হাত বদল হচ্ছে এসব জাল টাকা। জাল টাকার মধ্যে ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোট বেশি। জাল নোট নিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ। আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে রাঙ্গুনিয়ায় সংঘবদ্ধ একটি চক্র এসব জাল টাকা ছড়াচ্ছে। জাল টাকা দিয়ে নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা করছেন প্রার্থী ও রাজনৈতিক নেতারা। রানীরহাটের মুদি দোকানি রমেশ মজুমদার জানান, সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসে লোকজন জাল টাকা দিচ্ছে। ব্যবসায়ীরা বলেন, ক্রেতা-বিক্রেতাদের অনেকে জাল টাকা চেনে না। যার ফলে প্রতিনিয়ত হাত বদল হচ্ছে জাল নোট। কৃষি ব্যাংক আলমশাহপাড়া মাদ্রাসা শাখার ক্যাশিয়ার বলেন, চার-পাঁচ দিন ধরে গ্রাহকেরা ব্যাংকে আসল নোটের সঙ্গে একাধিক জাল নোট জমা দিচ্ছেন।উপজেলার লালানগর ইউপি চেয়ারম্যান প্রার্থী এম শাহ আলম তালুকদার অভিযোগ করেন, আসন্ন ইউপি নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে রাঙ্গুনিয়ার একটি সংঘবদ্ধ চক্র এসব জাল নোট ছড়াচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ ব্যাপারে কোনো প্রার্থী যদি অভিযোগ করেন, তাহলে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, জাল নোট যার হাতে পাওয়া যাবে, আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করার বিধান রয়েছে। অতএব জাল নোটের ব্যাপারে সবার সতর্ক থাকা উচিত।