রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দিলেন শাহাদাত
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হওয়ায় গতকাল সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম নগর বিএনপিরও সাধারণ সম্পাদক। গতকাল সকালে গাড়ির বহর নিয়ে তিনি রাঙ্গুনিয়ায় যান।
তবে ফেরার পথে শাহাদাত হোসেনের গাড়ির বহরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের পাঁচজন কর্মী আহত হয়েছেন বলে বিএনপির নেতারা দাবি করেছেন।
রাঙ্গুনিয়ায় জিয়ার কবরের পাশে সংক্ষিপ্ত সমাবেশে শাহাদাত হোসেন অভিযোগ করেন, দেশে দুর্নীতি-দুঃশাসন ও অনিয়ম চলছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। স্বাধীন দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। অন্যায়, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার, নির্যাতন, মামলা-হামলার শিকার হতে হয়।
রাঙ্গুনিয়ার সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। এতে দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো. মহিউদ্দিন, সহসভাপতি ইদ্রিস মিয়া প্রমুখ বক্তৃতা করেন।