রাঙ্গুনিয়ায় জুয়াখেলা নিয়ে সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় জুয়া খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এঁদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।এলাকাবাসী জানান, ক্ষমতাসীন দলের অনুসারী রশিদ মিয়া (৩২) গত শনিবার বিকেলে উপজেলা সদরে জুয়া খেলার সময় এলাকার বাসিন্দা কাইয়ুম চাঁদা দাবি করেন। ফলে রশিদ মিয়া কাইয়ুমকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেন। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে কাইয়ুমের ২০-২৫ জন অনুসারী লাঠি নিয়ে রশিদ মিয়ার ওপর হামলা চালান। এতে আহত হন রশিদ মিয়া। পরে রশিদ মিয়ার ১৮-২০ জন অনুসারী এসে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ বাধে। পুলিশ জানায়, রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) চন্দন পাঁচ-ছয়জন এসআইসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এর পরও কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ প্রসঙ্গে কাইয়ুম বলেন, ‘চাঁদা নয়, জুয়া খেলায় বাধা দেওয়ায় রশিদ মিয়া ইট দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেন।’ রশিদ মিয়া বলেন, ‘জুয়া নয়, বন্ধুদের সঙ্গে তাস খেলার সময় চাঁদা চাওয়ায় তাঁকে মারা হয়। কিন্তু কাইয়ুমের অনুসারীরা আমাকে ও আমার ভাইসহ তিনজনকে মেরে আহত করেন।’ থানার ওসি মনজুর মোর্শেদ বলেন, এ ব্যাপারে উভয় পক্ষের কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।