রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত তিন-চার দিন ধরে উপজেলার হাসপাতালগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসার জন্য ভিড় করছে।এলাকাবাসী জানান, উপজেলার মরিয়মনগর, লালানগর, বেতাগি, পারুয়া ও উত্তর রাজানগর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া গ্রামের মতিন জানান, তাঁর এক বছরের শিশু ছিদরাতুল মতিন গত শনিবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়। মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজিপাড়া গ্রামের বদিআলম জানান, তিন দিন ধরে ডায়রিয়ায় ভুগছেন তিনি। স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। হয়রানির ভয়ে উপজেলা হাসপাতালে যাননি তিনি। চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালের চিকিৎসক কাউছার জানান, তিন-চার দিন ধরে হাসপাতালে শত শত ডায়রিয়া রোগী আসছে। এর মধ্যে গত দুই দিনে ৭১ জন ভর্তি হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ১৬৫ জন। চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে দুই দিনে ৩৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে বলে জানান হাসপাতালের নিবন্ধক কালু মারমা।