রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার রোগীরা এখন শিরার স্যালাইন পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ এপ্রিল থেকে ডায়রিয়ায় শিরায় দেওয়ার স্যালাইন পাচ্ছে রোগীরা। ফলে কোনো রোগীকে এখন বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে না।রোগীরা জানায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও স্যালাইন-সংকটের কারণে রোগীদের ভোগান্তি হচ্ছিল। দোকান থেকে স্যালাইন, অ্যান্টিবায়োটিক কিনতে হচ্ছিল রোগীদের। অর্থাভাবে কিনতে না পেরে দরিদ্র রোগীরা খাওয়ার স্যালাইন খেয়ে চিকিৎসা নেয়। গত ১৮ এপ্রিল ‘রাঙ্গুনিয়ায় এক দিনে ১৮৫ জন ডায়রিয়া হাসপাতালে রোগী ভর্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে জরুরি ভিত্তিতে ৪০০ শিরার স্যালাইন পাঠায় চট্টগ্রাম সিভিল সার্জন। কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগীরা পর্যাপ্ত স্যালাইন পাচ্ছিল না। এ নিয়ে ২৫ এপ্রিল প্রথম আলোয় ‘ডায়রিয়া স্যালাইন পাঠানো হলেও পায় না রোগীরা’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এরপরই কর্তৃপক্ষ রোগীদের পর্যাপ্ত ডায়রিয়ার স্যালাইন দিতে সংশ্লিষ্ট চিকিৎসক ও সেবিকাদের নির্দেশ দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা খোরশেদা শিরিন প্রথম আলোকে বলেন, ডায়রিয়ার প্রকোপের খবর শুনে চট্টগ্রাম সিভিল সার্জন জরুরি ভিত্তিতে ৪০০ স্যালাইন পাঠিয়েছে। চিকিৎসকেরা রোগীদের জন্য ডায়রিয়ার স্যালাইন দিতে লিখে দেন। কিন্তু সেবিকারা গাফিলতি করে দিচ্ছিলেন না। ফলে সেবিকাদের সতর্ক করা হয়েছে। তিনি নিজেই স্যালাইন দেওয়ার বিষয়টি তদারক করছেন।গত মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগী রীনা দাশ (২৮), বজল আহমদ (৪৫), মোহছেনা বেগম (৪০), রিয়া আকতারসহ অনেকের সঙ্গে কথা বলে তাঁদের স্যালাইন পাওয়ার সত্যতা পাওয়া গেছে। সোমবার থেকে রোগীরা প্রয়োজনীয় স্যালাইন পাচ্ছে।