রাঙ্গুনিয়ায় তদন্ত দল হামলাকারীদের চেনেন না স্থানীয় বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনা তদন্ত করতে গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ১১ ব্যক্তির সঙ্গে কথা বলে তদন্ত দলটি। তাঁরা তদন্ত দলকে হামলা হওয়ার কথা স্বীকার করলেও হামলাকারীদের চেনেন না বলে জানান।

পিবিআই চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার জুলফিকার আলী হায়দারের নেতৃত্বে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ১০ সদসে৵র একটি দল রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজারের ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে আশপাশের দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। গাড়িবহরে হামলা হয়েছে বললেও তাঁরা হামলাকারীদের কাউকে চেনেন না বলে তদন্ত দলকে জানান। তাহলে কীভাবে হামলাকারীদের চিহ্নিত করা হবে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহসহ নানাভাবে তদন্ত অব্যাহত রেখেছেন তাঁরা।

পাহাড়ধসে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে গত ১৮ জুন রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা হয়। এ ঘটনার পর চট্টগ্রামে ফিরে এসে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেছিলেন, ‘ওই এলাকার এমপি আওয়ামী লীগের বড় পদে আছেন। তাঁর ইন্ধন আছে কি না, সেটা আপনারা তদন্ত করে দেখবেন।’

তবে বিএনপির মহাসচিবের অভিযোগের বিষয়ে রাঙ্গুনিয়ার সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হাছান মাহমুদ তখন বলেছিলেন, ‘বিষয়টিকে নাটক মনে হচ্ছে।’

গাড়িবহরে হামলার ঘটনায় ২১ জুন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেন বিএনপিপন্থী আইনজীবী এনামুল হক।

পরদিন রাঙ্গুনিয়া পৌরসভার বাসিন্দা অটোরিকশাচালক মোহাম্মদ মহসিন চট্টগ্রাম আদালতে পাল্টা আরেক মামলায় উল্লেখ করেন, ওই গাড়িবহর থেকে নেমে নেতা-কর্মীরা তিনিসহ আরেকজন অটোরিকশাচালককে মারধর করেন। তাঁদের দুজনের গাড়িও ভাঙচুর করা হয়। মামলায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

দুটি মামলারই তদন্ত করে ১৮ জুলাইয়ের মধে৵ প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলা দুটি তদন্ত করছেন পিবিআই চট্টগ্রামের পরিদর্শক শেখ মো. এহতেশামুল ইসলাম। এ ছাড়া পিবিআই থেকে তদন্তকাজ দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহিম এবং পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুককে।