রাঙ্গুনিয়ায় তিন দিন ধরে স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাজানগর ইউনিয়নের রানীরহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ বণিক তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করছেন পরিবারের লোকজন। তাঁর স্ত্রী টুম্পা রানী ধর এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় একটি ডায়েরি করেছেন। টুম্পা রানী ধর জানান, কৃষ্ণ বণিক ১৯ ফেব্রুয়ারি দুপুরে ভাত খাওয়ার পর উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট বণিকপাড়ার নিজ ঘর থেকে মুঠোফোনে কথা বলতে বলতে বেরিয়ে যান। এরপর আর ফিরে আসেননি। তাঁর ব্যবহূত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। টুম্পা রানী জানান, রানীরহাটের স্বর্ণ ব্যবসায়ী সুখেন্দু বণিকের সঙ্গে কৃষ্ণ বণিকের বিরোধ রয়েছে। এ নিয়ে সালিস বৈঠকে কৃষ্ণ বণিকের হাতে ৭০ ভরি স্বর্ণ গতকাল শুক্রবার ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু স্বর্ণ না দেওয়ার জন্য সুখেন্দু বণিক তার আগেই কৃষ্ণ বণিককে অপহরণ করেছে বলে দাবি করেন তিনি। উত্তর রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর জানান, স্বর্ণ ফিরিয়ে দেওয়ার জন্য গতকাল সর্বশেষ বৈঠক হওয়ার কথা। তার আগেই কৃষ্ণ বণিক নিখোঁজ হওয়ায় বৈঠক আর হয়নি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সুখেন্দু বণিক জানান, কৃষ্ণ বণিকের সঙ্গে লেনদেন নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু তাঁর নিখোঁজ বা অপহরণ নিয়ে তিনি কিছুই জানেন না। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর মোর্শেদ জানান, কৃষ্ণ বণিক নিখোঁজের ব্যাপারে থানায় একটি ডায়েরি করা হয়েছে।