রাঙ্গুনিয়ায় তেলের দোকানে আগুন দগ্ধ অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাটে গত শনিবার রাতে তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তেলের ড্রাম বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছে অর্ধশতাধিক মানুষ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধামাইরহাটে শাহ আলমের তেলের দোকানে রাত আটটার দিকে আগুন লাগে। এ সময় তেলের ড্রাম বিস্ফোরণে তাঁর দোকান ঘরের ছাদ উড়ে যায়। পরে পাশের একটি মুদির দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে এসে অর্ধশতাধিক মানুষের শরীরে গরম তেল ছিটকে পড়ে। আহত ব্যক্তিদের মধ্যে মো. ইউসুফ (৩২), এরশাদুর রহমান (৩৪), নুরুল আমিন (৪৬), আবদুল গফুর (৩৬) ও সহিদুর রহমানকে (১৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দোকান মালিক শাহ আলম বলেন, লোডশেডিং চলছিল। এ সময় মোমবাতি জ্বেলে কর্মচারীরা তেল বিক্রি করছিল। একপর্যায়ে মোমবাতির আগুন থেকে তেলের ড্রামে আগুন ধরে যায়। কেরোসিন, অকটেন, ডিজেলসহ অন্তত ১২টি জ্বালানি ভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটে। রাত ১০টার দিকে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা থেকে অগ্নিনির্বাপক দল এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে তাঁদের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।