রাঙ্গুনিয়ায় তৎপর সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তৎপর হয়ে উঠেছে সন্ত্রাসীরা। তাদের অনেকে প্রার্থী হতে চেয়ে অন্যদের প্রতিদ্বন্দ্বিতা না করার হুমকি দিচ্ছে। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে প্রত্যন্ত অঞ্চলের ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের সন্ত্রাসী এরশাদ, বখতেয়ার, খোকন ও বেলাল সম্প্রতি জেল থেকে জামিনে বেরিয়ে ইসলামপুর ও রাজানগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য দুই চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। তাঁরা রাজানগর ইউনিয়নের চাঞ্চল্যকর সোবহান, ননাইয়্যা হত্যা ও এসিড নিক্ষেপ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ ও একাধিক ডাকাতির মামলা রয়েছে।একইভাবে সন্ত্রাসী মোদাচ্ছের, রঞ্জু, জাহাঙ্গীর ও জিল্লু জামিনে বেরিয়ে রাজানগর এবং ইসলামপুর ইউপির সম্ভাব্য এক প্রার্থীর পক্ষে তৎপরতা চালাচ্ছেন। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ইসলামপুরের নজরুল হত্যা, রাঙামাটি সড়কে ডলফিন পরিবহনে ডাকাতিসহ একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। নাজিম উদ্দিন মাইকেল নামের অন্য এক সন্ত্রাসী ইসলামপুরের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর পরিচয় দিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। লালানগর ইউনিয়নের সন্ত্রাসী ফরিদ, ইলিয়াছ ডাকাতি ও অস্ত্র আইনে গ্রেপ্তারের পর ২০০৭ সালে পুলিশের হাত থেকে পালিয়ে বিদেশে চলে যান। সম্প্রতি এলাকায় ফিরে ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য দুই সদস্য পদপ্রার্থীর পক্ষে তৎপরতা চালাচ্ছেন। অস্ত্র ও ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সরফভাটা ইউনিয়নের সন্ত্রাসী মজিবুল ইসলাম সরফি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। একই মামলার আসামি ইসমাইল, কুসুম, সরোয়ার, ওসমান ডাকাত তাঁর পক্ষে তৎপরতা চালাচ্ছেন। দক্ষিণ রাজানগর ইউনিয়নের সন্ত্রাসী নুর উদ্দিন ২০০২ সালে অপারেশন ক্লিনহার্টের সময় সেনাবাহিনীর হাতে ধরা পড়ে জেল খাটেন। অস্ত্র ও ডাকাতি মামলায় জামিনে এসে সদস্য পদের প্রার্থী হওয়ার জন্য সহযোগী সন্ত্রাসীদের নিয়ে তৎপরতা চালাচ্ছেন। পারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোবহান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সম্প্রতি জামিন পেয়ে তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তৎপরতা চালাচ্ছেন। পদুয়া ইউনিয়নের নাইস্যা বাহিনীর প্রধান নাইস্যা সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে চেয়ারম্যান পদপ্রার্থী পরিচয় দিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণসহ অনেক মামলা রয়েছে। লালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম শাহ আলম তালুকদার বলেন, সন্ত্রাসীরা প্রার্থী হওয়ার জন্য বা কোনো প্রার্থীর পক্ষে যে হারে তৎপর হয়ে উঠেছে, তাতে শুধু প্রার্থীরা নন, ভোটাররাও শঙ্কিত। সন্ত্রাসীদের অপতৎপরতার কারণে আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম ইউপি নির্বাচন নিয়ে সন্ত্রাসীদের অপতৎপরতার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা জামিনে থেকে নির্বাচনে প্রার্থী হলে কারও কিছু করার নেই। তবে কোনো প্রার্থীর বিরুদ্ধে পরোয়ানা বা মামলা থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার রয়েছে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ করা দরকার। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের পুলিশ সুপার জেড এ মোরশেদ ও র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক কর্নেল আবু হেনা মোহাম্মদ মোস্তফা বলেন, সন্ত্রাসীরা যাতে এলাকায় প্রভাব বিস্তার করতে না পারে, এ ব্যাপারে পুলিশ ও র‌্যাব সজাগ রয়েছে।