রাঙ্গুনিয়ায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতে প্রার্থিতা স্থগিতের খবরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকেরা গতকাল বুধবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিক্ষোভ করেন। এ সময় সড়কের আটটি স্থানে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহাজাহান সিকদার। শাহাজাহান সিকদার অভিযোগ করেন, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সময় পৌরসভার উন্নয়নকাজে চুক্তিবদ্ধ থাকার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। একইভাবে মনোনয়নপত্রে প্রদত্ত সনদের নম্বরপত্রে গরমিল থাকার অভিযোগে কামরুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল করা হয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত ৪ জানুয়ারি তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের ভিত্তিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাঁদের প্রতীকও বরাদ্দ দেন। কিন্তু খলিলুর রহমান চৌধুরীর পরাজয় নিশ্চিত জেনে ক্ষমতাসীন অশুভ শক্তি নিজের মান রক্ষার জন্য প্রভাব খাটিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাধ্যমে গতকাল বুধবার হাইকোর্টের রায় স্থগিত করান।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১টায় কামরুল ইসলাম চৌধুরী ও শাহাজাহান সিকদারের মনোনয়ন স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে তাঁদের কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা সড়কের রাঙ্গুনিয়া রোয়াজারহাট, ইছাখালি, গোডাউন, গোছরা বাজার, আপন কমিউনিটি সেন্টার ও থানা গেটের সামনে গাছের গুঁড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। সড়কের মাঝে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া থানার পুলিশ সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। কর্মী-সমর্থকরা এ সময় একটি যাত্রীবাহী বাসের জানালা ও দুটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভাঙচুর করে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। পুলিশের সঙ্গে এ সময় কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার পর কর্মী-সমর্থকেরা পালিয়ে গেলে বিকেল পাঁচটার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মেয়র পদপ্রার্থী কামরুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, অশুভ শক্তির নোংরা রাজনীতির প্রতিবাদে কর্মী-সমর্থকেরা শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও ওই শক্তির ঈশারায় পুলিশ পৌর সদর ইছাখালি এলাকায় বিক্ষোভকারীদের লাঠিপেটা করে। এতে ৫০ জনেরও বেশি কর্মী-সমর্থক আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ ব্যাপারে মেয়র পদপ্রার্থী খলিলুর রহমান চৌধুরী বলেন, একজন প্রার্থী হিসেবে বিধি অনুযায়ী অভিযোগ করলে জেলা রিটার্নিং কর্মকর্তা মেয়র পদপ্রার্থী কামরুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন। শাহাজাহান সিকদারের মনোনয়নপত্র বাতিল আদেশ বহাল রাখার জন্য তিনি কোনো অভিযোগ করেননি। আদালতের আদেশের ব্যাপারে সরকার বা কোনো অশুভ শক্তির কোনো প্রভাব নেই বলে তিনি মন্তব্য করেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘যানবাহন ভাঙচুর চেষ্টা করা হলে বিক্ষোভকারীদের তাড়ানো হয়। এতে কেউ আহত হয়েছে কি না আমার জানা নেই।’