রাঙ্গুনিয়ায় দুই হাজার একর জমির বোরো চাষাবাদ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার চুরি হওয়ায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাইবিলের প্রায় দুই হাজার একর জমির বোরো চাষাবাদ বন্ধ রয়েছে। চাষাবাদ শুরু করতে না পেরে কৃষকেরা মঙ্গলবার সেচ সরবরাহ দেওয়ার লক্ষ্যে নতুন ট্রান্সফরমার সংযোজনের জন্য রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ সমিতির বরাবরে স্মারকলিপি দেয়।কৃষকেরা জানান, চলতি বোরো মৌসুমে রাঙ্গুনিয়া উপজেলার গুমাইবিলের প্রায় দুই হাজার একর জমিতে সেচ সরবরাহ দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ মরিয়মনগর চৌমুহনী এলাকায় ২৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমার সংযোজন করে। যা ২৮ ডিসেম্বর দিবাগত রাতে চুরি হয়ে যায়। ফলে সাতটি সেচকল অচল হয়ে পড়ায় বোরো চাষাবাদ বন্ধ হয়ে যায়।সেচ স্কিমের ম্যানেজার আবদুল নবী জানান, ২৮ ডিসেম্বর থেকে বিলে সেচ সরবরাহ বন্ধ থাকলেও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এখনো নতুন ট্রান্সফরমার সংযোজন করেনি। কৃষকদের কেউ কেউ নিজস্ব সেচকল দিয়ে পানি তুলে বোরো চাষাবাদের কাজ চালিয়ে গেলেও অধিক খরচের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছে।কৃষক আবদুর রহমান জানান, পানির অভাবে মরিয়মনগর চৌমুহনী, কাটাখালী, চারা বটতল এলাকার প্রায় এক-তৃতীয়াংশ জমির চাষাবাদ শুরু করা যাচ্ছে না। চাষাবাদ শুরুর লক্ষ্যে কৃষকেরা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ে যোগাযোগ করলে মূল্য পরিশোধ সাপেক্ষে নতুন ট্রান্সফরমার সংযোজনের শর্ত দেওয়া হয়। যা কৃষকদের পক্ষে মোটেও সম্ভব নয়। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শৈলেন্দ নাথ পাল বলেন, চুরি হওয়া প্রতিটি ট্রান্সফরমারের মূল্য লাখ টাকার ওপরে। যা হঠাৎ করে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে ট্রান্সফরমারের সুবিধাভোগীরা সম্মিলিতভাবে অর্থ দিলে ট্রান্সফরমার সংযোজন করা যেতে পারে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, গত কয়েক বছর ধরে গুমাইবিলে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। নতুন ট্রান্সফরমার সংযোজন করে বোরো চাষাবাদ শুরু করার ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বরাবরে অনুরোধ জানানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, নতুন ট্রান্সফরমার সংযোজনের ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সঙ্গে আলোচনা করা হবে। যত দ্রুত সম্ভব ট্রান্সফরমার সংযোজন করে চাষাবাদ শুরুর ব্যবস্থা নেওয়া হবে।