চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কালিন্দারানী সড়কে অনুমোদন ছাড়াই চলছে শতাধিক ভটভটি ও চাঁদের গাড়ি (এক ধরনের জিপ)। অদক্ষ চালকেরা এসব গাড়ি চালাচ্ছে। এসব গাড়িতে যাতায়াত করতে গিয়ে গত দেড় বছরে দুর্ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। এগুলোর ইঞ্জিন থেকে বের হওয়া কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। এতে এলাকার লোকজন হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন এসব গাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, কালিন্দারানী সড়কে শ্যালো ইঞ্জিনচালিত ৭০টি ভটভটি ও ৩৫টি চাঁদের গাড়ি চলাচল করে। এসব গাড়ি যাত্রী ছাড়াও গাছ, ধান, শাকসবজি, ফলমূলসহ নানা ধরনের পণ্য পরিবহন করে। ডিজেলচালিত শ্যালো ইঞ্জিনে তৈরির কারণে চলাচলের সময় এসব গাড়ি বিকট আওয়াজ ছড়ায়। এ ছাড়া এগুলোর অধিকাংশই ভাঙাচোরা, কলকবজাও নড়বড়ে; যাত্রী বসার আরামদায়ক কোনো ব্যবস্থাও নেই। শিলক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ২০০৯ ও ১০ সালের জুন পর্যন্ত কালিন্দারানী সড়কে ভটভটি ও চাঁদের গাড়ি দুর্ঘটনায় শিলক ও পদুয়া ইউনিয়নের ৫৩ জন নিহত হয়। চলতি জুলাই মাসের শুরু থেকে এ পর্যন্ত চারটি দুর্ঘটনায় একজন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিজনকান্তি বিশ্বাস জানান, ভটভটি ও চাঁদের গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় এলাকার মানুষ হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। পদুয়া ইউপির চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, স্থানীয়ভাবে তৈরি এসব ভটভটি ও চাঁদের গাড়ি দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় ধরে কালিন্দারানী সড়কে চলাচল করছে। ২০০৬ সালের শুরুতে কাপ্তাই সড়কের গোডাউন এলাকা থেকে অটোরিকশা চালু করা হয়েছিল। ওই সময় ভটভটি ও চাঁদের গাড়ির মালিকেরা অটোরিকশাচালকদের মারধর করে এবং রাতের বেলা বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেয়। এতে অটোরিকশা চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় চালকেরা। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন অভিযোগ করেন, ভটভটি ও চাঁদের গাড়ির মালিকেরা শিলক তদন্ত কেন্দ্রের পুলিশকে ম্যানেজ করে এসব গাড়ি চালাচ্ছে। নির্দিষ্ট অঙ্কের মাসোহারার পাশাপাশি ডিউটির জন্য মালিকেরা প্র্রতিদিন পুলিশকে একটি করে ভটভটি ও চাঁদের গাড়ি সরবরাহ করে। এ কারণে নির্বিঘ্নে তাঁরা অনুমোদনহীন এসব গাড়ি চালাতে পারছে। ভটভটি ও চাঁদের গাড়ি মালিক সমিতির লাইনম্যান জাহাঙ্গীর আলম জানান, প্রতিটি ভটভটি ও চাঁদের গাড়ি থেকে মালিক সমিতির নামে ২০ টাকা লাইন ফি নেওয়া হয়। প্রতি মাসে লাইন ফি বাবদ ৫০ হাজার টাকা আয় হয়। এ আয়ের অর্ধেকেরও বেশি রাঙ্গুনিয়া থানার শিলক তদন্ত কেন্দ্রের পুলিশকে দিতে হয়। শিলক তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মজিবুর রহমান মাসোহারা নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, পুলিশের ডিউটির জন্য সরবরাহকৃত ভটভটি ও চাঁদের গাড়ির তেল খরচ পুলিশ বহন করে। ভটভটি ও চাঁদের গাড়ি মালিক সমিতির সভাপতি আবু তাহের বলেন, অনুমোদন না থাকলেও এসব গাড়িতে যাতায়াত করতে পেরে শিলক ও পদুয়া ইউনিয়নের মানুষ উপকৃত হচ্ছে। বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জানান, রাঙ্গুনিয়ায় অনুমোদন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিষয়টি তাঁরা জানেন না। এ ব্যাপারে তাঁরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।