রাঙ্গুনিয়ায় ধর্ষকের পরিবারের হুমকিতে একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষক জেলহাজতে। কিন্তু ধর্ষকের পরিবারের প্রভাবে ধর্ষণের শিকার গৃহবধূর পরিবার এখন একঘরে। ধর্ষকের পরিবারের চাপে প্রতিবেশীরা কেউ ধর্ষণের শিকার ওই গৃহবধূর পরিবারের সঙ্গে কথা বলে না। ধর্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিয়ে সমাজের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত ওই পরিবারকে এভাবে একঘরে করে রাখার ঘোষণা দেন ধর্ষকের প্রভাবশালী বাবা-মা, ভাই, বোন ও আত্মীয়রা। ওই গৃহবধূর মারধরসহ প্রাণনাশের হুমকিও দেন তাঁরা। ১৬ এপ্রিল রাঙ্গুনিয়া থানায় এমন অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। কিন্তু পুলিশ এখনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় ধর্ষিতার পরিবার প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা মল্লিকাপাড়া গ্রামের আনোয়ার হোসেন (২২) তিনজন সহযোগী নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ওই গ্রামের গৃহবধূকে জোর করে তুলে নিয়ে চট্টগ্রাম শহরের পুরোনো চান্দগাঁও থানাসংলগ্ন পাঠাইন্যাগোদা এলাকার বাইল্যা কলোনির গোপন স্থানে আটকে রেখে পাঁচ দিন ধরে ধর্ষণ করে। কলোনির লোকজন টের পেয়ে আনোয়ার হোসেনকে আটক করে পিটুনি দিয়ে চান্দগাঁও থানার পুলিশে সোপর্দ করে। চান্দগাঁও থানার পুলিশ ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় উভয়কে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে। রাঙ্গুনিয়া থানার পুলিশ ওই দিন ওই গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আনোয়ার হোসেনকে জেলহাজতে প্রেরণ করে।ওই গৃহবধূ বলেন, ‘থানা থেকে স্বামীর হাত ধরে বাড়িতে ফেরার কয়েক দিন পর আনোয়ার হোসেনের বাবা-মা, ভাই-বোন ও আত্মীয়রা মামলা তুলে নেওয়ার জন্য ফুসলাতে থাকে। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তারা আমার স্বামীকে কয়েক দফা মারধর করে। তাতেও রাজি না হওয়ায় তারা আমাকেও মারধর শুরু করে। একপর্যায়ে স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক না রাখার জন্য প্রতিবেশীদের চাপ দেয়। এমনকি আমাকে একঘরে করে রাখার ঘোষণা দেন নূর মোহাম্মদ। এ মাসের শুরু থেকে স্থানীয় পুকুরে গোসল ও ধোয়ামোছার কাজ করতেও বাধা দিচ্ছে তারা। নলকূপ থেকে খাওয়ার পানি সংগ্রহ করাও বন্ধ করে দিয়েছে। সপরিবারে হত্যার হুমকিও দিচ্ছে।’ এ ব্যাপারে ধর্ষকের বাবা নূর মোহাম্মদ বলেন, ‘ওই মেয়েটি খারাপ। সে আমার ছেলেকে খারাপ করেছে। আবার মামলা দিয়ে তাকে জেলে দিয়েছে। এতে আমার ছেলের কষ্ট হচ্ছে। তাই মামলা তুলে নিয়ে আমার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে এনে সমাজের মানুষের কাছে মুচলেকা দিয়ে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের একঘরে করে রাখা হবে।’এলাকাবাসী জানায়, ওই গৃহবধূর স্বামী একজন প্রতিবন্ধী। ধর্ষক আনোয়ার হোসেনের বাবা-মা ও ভাইবোনেরা খুবই দুষ্ট প্রকৃতির। ওই গৃহবধূ ও তাঁর স্বামীর ওপর তারা পাশবিক নির্যাতন চালাচ্ছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, একঘরে করে রাখার বিষয়ে ধর্ষণের শিকার ওই গৃহবধূ অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।